খুলনা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় সরকার সমর্থকরা একটি ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার বেলা পৌনে ১২টার দিকে এ ভাংচুরের ঘটনা ঘটে।
গণপূর্ত অধিদপ্তরের পাঁচ কোটি টাকার দরপত্র দাখিলকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ঠিকাদার শেখ ফারুক হোসেন।
তবে ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকও।
তবে সরকার সমর্থক নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
ঠিকাদার ফারুক সাংবাদিকদের জানান, তার ব্যবসায়ী অংশীদার মো. গফুর গণপূর্ত অধিদপ্তরে দরপত্র জমা দেন আজ সোমবার।
বিভাগীয় হিসাব রক্ষণ কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের এই দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিলো আজ।
ফারুক অভিযোগ করেন, এই খবর পেয়ে ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলু বিশ্বাস ও খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান পপলু ২০-২৫ জন নেতাকর্মী নিয়ে তার প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা চালায়।
হামলাকারীরা তার প্রাইভেটকার, কার্যালয়ের চেয়ার, টেবিল, জানলার কাচসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে।
খবর পেয়ে র্যাব পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
অভিযোগ অস্বীকার করে মহানগর যুবলীগের আহবায়ক আনিসুর রহমান পপলু বলেন, তিনি ফারুক নামে কোনো ঠিকাদারকে চেনেন না। একজন আইনজীবি হয়ে তার প্রতিষ্ঠানে ভাংচুরের প্রশ্নই আসে না।
একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে পপলু দাবি করেন।
সোনাডাঙ্গা থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৫ ঘ.
bdnews24