২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে দস্যুদের গুলিতে জেলে নিহত

বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে বরগুনার এক জেলে নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে বরগুনার এক জেলে নিহত হয়েছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে বলে জেলা ট্রলার মালিক সমিতি ও ফিরে আসা জেলেরা জানিয়েছে। নিহত জেলের নাম- রিপন খাঁ (৪০)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার পূর্ব কালমেঘা গ্রামের রেজোয়ান খাঁ'র ছেলে। এছাড়া পটুয়াখালীর মহিপুর থেকে সোনারচরের পর্যন্ত এলাকায় ২০-২২টি ট্রলারে ডাকাতি হয়েছে। দস্যুরা অপহরণ করে নিয়ে গেছে ৩০ জেলেকে। কক্সবাজার উপকূলে জলদস্যুদের হামলায় আহত হয়েছে নয় জেলে। নিখোঁজ রয়েছে ১৭ জেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বরগুনা: জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ও ফিরে আসা জেলেরা জানান, রোববার রাত ৩টার দিকে এফ বি সন্ধানী ট্রলারটি দস্যুদের কবলে পড়ে। জেলেরা বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা গুলি করে। এতে রিপন মারা যান। গুলি তার গলা ভেদ করে চলে গেছে। ট্রলারটির মালিক বরগুনা সদর উপজেলার নলী বন্দরের সানু মল্লিক। তারা আরো জানান, রাত ১১টা থেকে ভোররাত পর্যন্ত জলদস্যুরা মহিপুর থেকে সোনারচর পর্যন্ত এলাকায় মাছ ধরার ২০-২২ টি ট্রলারে হানা দেয়। তারা এফবি বাশখালী-১ ও বাশখালী-২ ট্রলারের ৩৩ জেলেকে সাগরে ফেলে দিয়ে মাছসহ ট্রলার দুটি নিয়ে গেছে। সাগরে ভাসতে থাকা অবস্থায় ২৮ জেলেকে উদ্ধার করে সোমবার সকালে পাথরঘাটা মৎস্য বন্দরে নিয়ে আসা হয়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ পাঁচ জেলেকে উদ্ধার করা যায়নি। ফিরে আসা জেলেরা জানান, বিভিন্ন ট্রলারে ডাকাতি শেষে জলদস্যুরা ৩০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। তারা এদের মুক্তির বিনিময়ে ২২ লাখ টাকা চেয়েছে। পাথরঘাটা উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড) কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট হাসানুজ্জামান সাংবাদিকদের জানান, তারা অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছেন। কক্সবাজার: কক্সবাজার উপকূলে দু'টি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনায় নয় জেলে আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার গভীর রাতে ট্রলার দু'টি জলদস্যুদের কবলে পড়ে বলে জানিয়েছেন ট্রলার কর্তৃপক্ষ। আহত জেলেরা হলেন- হেমায়েত উদ্দিন (৩৫), জামাল উদ্দিন (৪০), সিরাজ (২৯), আলমগীর (২৫), রফিক (২২), আবদুর রহমান (৩০), শাহাব উদ্দিন (২৬), আলমগীর (২৩), রফিক (৩২) ও নুরুল হক (৩৪)। এদের মধ্যে হেমায়েত, জামাল ও রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ট্রলার মালিক আবু সুলতানের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মুজিবুর রহমান সাংবাদিকদের জানান, পাঁচদিন আগে এফবি শুক্কুর ও দুদিন আগে এফবি ছেনোয়ারা-৪ নামের ট্রলার দু'টি সাগরে মাছ ধরতে যায়। এর মধ্যে এফবি শুক্কুর ট্রলারটি দস্যুরা নিয়ে গেছে। এর ১৭ জেলের কি অবস্থা তারা সেটা এখনো জানতে পারেননি। হাসপাতালে চিকিৎসাধীন ট্রলার মাঝি হেমায়েত সাংবাদিকদের জানান, দস্যুরা তাদের ট্রলারটি ডুবিয়ে দেওয়ার জন্য বিভিন্ন অংশ ভেঙ্গে ফেলে। তারা ভাঙ্গা ট্রলারটি নিয়ে সোমবার সকাল ১১টার দিকে উপকূলে ফিরে আসেন। তিনি বলেন, তিনটি ট্রলারে করে দস্যুরা তাদের ওপর হামলা চালায়। প্রতিটি ট্রলারেই ২৫-৩০ জন ডাকাত ছিলো। কক্সবাজার মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ডাকাতির কথা শুনেছেন। তবে এখনো লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.