ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৫ জন পাকিস্তানি সেনা সদস্যকে ফেরত দেওয়ার দিল্লি চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করেছে হাইকোর্ট।
আদেশে আদালত বলেছে, রিট আবেদনটি যথাযথ হয়নি এবং রিট আবেদনকারী সংক্ষুব্ধ নয়। তাই আবেদনটি সরাসরি খারিজ করা হলো।
রোববার বিকালে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের বেঞ্চ রিট আবেদনটি খারিজ করে দেয়।
আদালতের আদেশের পর রিট আবেদনকারীর আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আবেদনকারী বিষয়টিতে যেহেতু সংক্ষুব্ধ নয় তাই আবেদনটি হাইকোর্ট সরাসরি খারিজ করে দিয়েছে।"
সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ আহমেদ হাইকোর্টের একই বেঞ্চে সকালে আবেদনটি দায়ের করেন।
আবেদনে ১৯৫ জন পাকিস্তানি সেনা সদস্যকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাড় করিয়ে শাস্তি দেওয়ার আবেদন জানানো হয়।
রিট আবেদনে পাকিস্তানি সেনাবাহিনীর সহায়ক বাহিনীর সদস্যদের নাম প্রকাশেরও নির্দেশ চাওয়া হয়।
রিট আবেদনে আইনসচিব, স্বরাষ্ট্র সচিব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনকে প্রতিপক্ষ করা হয়।
এছাড়া আবেদনে ৩০ লাখ শহীদের নামের তালিকা প্রকাশের নির্দেশনা চাওয়া হয়।
রিট আবেদনে আরো বলা হয়, ১৯৭৪ সালের ৯ এপ্রিল দিল্লিতে স্বাক্ষরিত চুক্তির আলোকে ১৯৫ জন পাকিস্তানি সেনা সদস্যকে মুক্তি দেয় বাংলাদেশ।
ওই চুক্তিতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ড. কামাল হোসেন।
রিট আবেদনে বলা হয়, আবেদনকারীর প্রার্থনা হলো ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তাদের বিচার করে শাস্তি দেওয়া।
কিন্তু দিল্লি চুক্তি এর অন্তরায়-এ কথা উল্লেখ করে আবেদনে বলা হয়, এই চুক্তি সংবিধানের মৌলিক চেতনার পরিপন্থী। সংবিধানের প্রথম সংশোধনী ওই পাকিস্তানি সেনা সদস্য এবং সহায়ক সদস্যদের যুদ্ধপরাধ ও মানবতা বিরোধী অপরাধের বিচারের আওতায় আনার পথ উন্মুক্ত করে দেয়। কিন্তু দিল্লি চুক্তি এই সংশোধনেরও পরিপন্থী।
তাছাড়া সংবিধানের ৪৭ (৩) অনুচ্ছেদ অনুযায়ী সেনা সদস্য, যুদ্ধবন্দি এবং সহায়ক বাহিনীর বিচারের কথা বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সরকার তাদের বিচার করতে ব্যর্থ হয়েছে।
রিট আবেদনের শুনানি করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৬৩৯ ঘ.
bdnews24