২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে এসেছে সেমি লং কামিজ

মেয়েদের পোশাকের দৈর্ঘ্যের ক্ষেত্রে আবারও সেই পুরনো রূপ ফিরে এসেছে। এবার ঈদে বেশিরভাগ বুটিক শপে মেয়েদের হাল ফ্যাশন হিসেবে 'শর্ট কামিজের' বদলে এসেছে 'সেমি লং কামিজ'। যা হাঁটুর নিচ পর্যন্ত লম্বা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 08:26 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের পোশাকের দৈর্ঘ্যের ক্ষেত্রে আবারও সেই পুরনো রূপ ফিরে এসেছে। এবার ঈদে বেশিরভাগ বুটিক শপে মেয়েদের হাল ফ্যাশন হিসেবে 'শর্ট কামিজের' বদলে এসেছে 'সেমি লং কামিজ'। যা হাঁটুর নিচ পর্যন্ত লম্বা। উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলো মূলতঃ বুটিক শপের পোশাকের ক্রেতা। কারণ, এসব দোকানে একই সাথে ছেলে, মেয়ে ও শিশুদের পোশাক কিনতে পাওয়া যায়। পছন্দের পোশাকের জন্য ক্রেতাদেরকে মার্কেটে মার্কেটে ঘুরতে হয় না। সবচেয়ে বড় সুবিধা এখানে দর কষাকষি করতে হয় না। নির্ধারিত মূল্যে পোশাক কেনা যায়। ক্রেতাদের মতে, বুটিক শপে পোশাকের মান নিয়ে সন্তুষ্টিটাই বড় কথা। এবার ঈদ উপলক্ষ্যে বুটিক শপগুলোতে শোভা পাচ্ছে সেমি লং কামিজ। শর্ট কামিজের ফ্যাশনকে এখন 'ব্যাকডেটেড' বলে বিবেচনা করছেন ফ্যাশন ডিজাইনাররা। বুটিক শপ আড়ং, নিপুণ, বুনন, বাংলার মেলা, যাত্রা, ওজি, অঞ্জনস, কে ক্র্যাফট, পিরান, নাগরদোলা, অন্যমেলা, গ্রামীণ পোশাকসহ বেশিরভাগ বুটিক শপে দেখা যায় মেয়েদের সেমি লং কামিজের এ ফ্যাশন বেশ ভালোভাবেই জমে উঠেছে। মিরপুর দু'নম্বর এবং মোহাম্মদপুুরের তাজমহল রোডের বুটিক শপগুলোতেও সেমি লং কামিজের বাহার দেখা গেছে। বাংলার মেলার স্বত্তাধিকারী ও ডিজাইনার এমদাদ হক জানান, এ বছর ঈদে তারা মেয়েদের পোশাকে সেমি লং কামিজ এনেছেন। শর্ট কামিজের চেয়ে একটু বড় করে হাঁটুর নিচ পর্যন্ত বাড়িয়ে সেমি লং কামিজের ফ্যাশন তৈরি করা হয়েছে। তিনি বলেন, "যেহেতু এখন শীত নয়, তাই আরামদায়ক পোশাকের জন্য অ্যান্ডি কাপড়ের উপরই বেশিরভাগ থ্রিপিস তৈরি করা হয়েছে। সিনথেটিক এবার তেমন নেই বললেই চলে। অ্যান্ডি কাপড়ের উপর কিছু হাতের কাজ করা হয়েছে। এছাড়াও ব্লক ও কারচুপির কাজ পোশাকে স্থান পেয়েছে।" তিনি বলেন, "এ বছর আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে পোশাকে উজ্জ্বল রং এর প্রাধান্য দেওয়া হয়েছে।" এমদাদ হক জানান, এ বছর পোশাকে হলুদ, কালো, আকাশী, হালকা বেগুনী ও হালকা সবুজ রং প্রাধান্য পেয়েছে। আর শাড়ীর ক্ষেত্রে কটন, হাফ সিল্ক, সিল্ক ও টাঙ্গাইলের শাড়ীই প্রাধান্য পেয়েছে। সিল্কের শাড়িতে কারচুপির কাজ করে ডিজাইনে নতুনত্ব আনা হয়েছে বলে তিনি জানান। ছেলেদের জন্য প্রচলিত পাঞ্জাবী ছাড়াও শর্ট পাঞ্জাবী রাখা হয়েছে। আসাদ গেটে কে ক্র্যাফটের শোরুমে পোশাক কিনতে এসেছেন সড়ক ও জনপথ বিভাগের (সওজ) প্রকৌশলী শাহরুল আমিন। বুটিক শপে আসার কারণ সম্পর্কে তিনি বলেন, "কম সময়ে পছন্দসই পোশাক কিনতে এখানে আসতেই হয়। এছাড়া দাম কষাকষি নিয়ে ঝামেলা নেই। পোশাকের মান সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়।" যেসব ক্রেতা কিছুটা সাশ্রয়ী মূল্যে বুটিক শপ থেকেই পোশাক কিনতে চান তারা মিরপুর এবং মোহাম্মদপুরের বুটিকগুলোতে যান। কারণ, পরিচিত বুটিকগুলোর তুলনায় এখানে দাম কিছুটা কম। মিরপুর দু'নম্বরে এরকমই একটি বুটিক শপ 'চোখ'। এখানে পোশাক কিনতে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী মাহজাবিন আখন্দ। তিনি বলেন, "নামী দামি বুটিকগুলো থেকে এসব বুটিকে পোশাকের দাম একটু কম হয়। আবার মান নিয়ে কোনো প্রশ্নও থাকে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/১৪১১ ঘ.