নারায়ণগঞ্জ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ঢাকা-চটগ্রাম-সিলেট বাইপাস অবরোধ করেছে।
শনিবার সকাল ৭টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সল (৭) এলাকার মতিউর রহমানের ছেলে। সে কালাদী ফাজিল মাদ্রসার প্রথম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী জানায়, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিল ফয়সল। এ সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় এলাকাবাসী সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই সড়কটি অবরোধ করে রাখে।
এ সময় তারা মিছিল করে ও সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গতিরোধক নির্মাণের দাবি জানায়। তারা ১০-১২টি গাড়ি ভাংচুর করে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
গত সপ্তাহে উপজেলার কাঞ্চন পৌরসভা যুবলীগ নেতা তাইজুদ্দিন আহম্মেদ এখানে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২২২৯ ঘ.
bdnews24