গাজীপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধে গাজীপুরে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নিহত জাকির হোসেন (৩০) গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর এলাকায় ফার্নিচারের ব্যবসা করতেন। তিনি মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ ডগরীর নয়াপাড়া গ্রামের প্রয়াত আব্দুর রফিকের ছেলে।
জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কামরুন্নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাকির হোসেনের সঙ্গে নয়াপাড়া গ্রামের প্রতিবেশী শাজাহান ব্যাপরীর জমি নিয়ে বিরোধ চলছিলো।
তিনি বলেন, এ নিয়ে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের লোকজন জাকিরকে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা কামরুন্নাহার জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী লাইলী আক্তার বাদী হয়ে শাজাহান ব্যাপারীসহ ১২ জনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় শনিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/০৯৩৪ ঘ.
bdnews24