ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বাংলাদেশে দুদিনের সফরে শুক্রবার বিকালে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকায় আসছেন।
বাংলাদেশে টনি ব্লেয়ারের দ্বিতীয় সফর হতে যাচ্ছে এটি। এর আগে ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় এসেছিলেন।
এ সফরে টনি ব্লেয়ারকে ঢাকায় ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে তার।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, টনি ব্লেয়ার বিকাল ৩টায় একটি বিশেষ বিমানে ঢাকায় পৌঁছবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছন, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ও ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বিমানবন্দরে টনি ব্লেয়ারকে অভ্যর্থনা জানাবেন।
টনি ব্লেয়ার বর্তমানে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে শান্তি প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। এছাড়া পরিবেশ বিপর্যয় ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
তার স্ত্রী শেরি ব্লেয়ার একজন মানবাধিকার আইনজীবি।
২০০৮ সালে বিশেষ কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে তিনি কাজ করেন।
এরপর গত জানুয়ারি মাসে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এ ফেলোশিপ প্রবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করেন শেরি ব্লেয়ার। সে সময়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরে টনি ব্লেয়ারের নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে- শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর নৈশভোজে যোগদান, শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ও বিকালে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
এছাড়া শনিবার রাতে ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে যোগ দেবেন ব্লেয়ার দম্পতি।
ঢাকায় অবস্থানকালে তারা থাকবেন বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে।
সফর শেষে রোববার সকালে ঢাকা ছেড়ে যাবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এজে/১০৫৩ ঘ.
bdnews24