বরিশাল, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরিশাল নগরীতে একটি পুকুর ভরাটের কাজ চলছে।
বেসরকারি বরিশাল ইসলামিয়া কলেজের এই পুকুর ভরাট করে স্থাপনা নির্মাণ করা হবে।
পুকুর ভরাটের জন্য নগর সংস্থাসহ কয়েকজন অনুদানও দিচ্ছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, জলাশয় আইনে কোনো ডোবা-নালা ও পুকুর ভরাট কিংবা পরিবর্তন করা যাবে না।
সরেজমিনে দেখা গেছে, নগরীর আমানতগঞ্জ বেলতলা এলাকার এই কলেজের খেলার মাঠের পাশের প্রায় ৫০ শতাংশ আয়তনের পুকুরটির ভরাট কাজ চলছে।
ভাঙ্গন প্রবণ কীর্তনখোলা নদী থেকে খনন যন্ত্রের সাহায্যে বালু উত্তোলন করে ফেলা হচ্ছে পুকুরে।
কলেজটি ১৯৮৫ সালে চার একর ৫২ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয়। কলেজের পিছনে ও খেলার মাঠের পাশে একটি করে দুটি পুকুর রয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্টাফ কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী ডোবাটি ভরাট করা হচ্ছে। সেখানে ছাত্রাবাস অথবা ছাত্রী নিবাস কিংবা মিলনায়তন নির্মাণ করা হবে।"
তিনি জানান, পুকুর ভরাটের জন্য মেয়র শওকত হোসেন হিরণ এক লাখ টাকা অনুদান বরাদ্দ করেছেন।
এছাড়া সুন্দরবন লঞ্চ মালিক সাইদুর রহমান রিন্টু এক লাখ টাকা, সুরভী লঞ্চের মালিক গোলাম মাওলা ও ব্যবসায়ী কামাল খানকে ৫০ হাজার করে অনুদান দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। বাকি টাকা কলেজ কর্তৃপক্ষ বহন করবে।
মেয়রের বরাদ্দ করা টাকা সিটি করপোরেশন থেকে এখনো ছাড় করা যায়নি। কাজ শেষ হলে টাকা ছাড় করার কথা রয়েছে বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান।
পুকুরটি ভরাটের দায়িত্ব পেয়েছেন নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিবুর রহমান পনু ও যুবলীগ সভাপতি মজিবর সিকদারসহ কয়েকজন।
মজিবর সিকদার বলেন, পুকুরটির আয়তন ২০ শতাংশের মত। গভীরতা ৭/৮ ফুটের কম নয়।
কলেজের নৈশপ্রহরী মো. কাঞ্চন মিয়া জানান, পুকুরের আয়তন ৫০ শতাংশের বেশি হবে। এক সপ্তাহ আগে ভরাট কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।
বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. তোতা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জলাশয় আইন অনুযায়ী নগরীর ডোবা-নালা বা পুকুর ভরাট করা যাবে না। কেউ ভরাট করলে তা দেখার দায়িত্ব সিটি করপোরেশনের।"
তিনি বলেন, নগর সংস্থার অনুদানে পুকুর ভরাট করার ঘটনা নিজেদের আইন নিজেরা ভঙ্গ করার সামিল।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কাওছার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বর্তমানে ঢাকা রয়েছেন। বরিশাল আসার পর এ বিষয়ে খোঁজ নেবেন।
সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোতালেব হোসেন এ বিষয়ে কিছু জানেন না দাবি করে বলেন, "কারো ব্যক্তিগত পুকুর ভরাট বন্ধ করা যাবে না। তবে জনস্বার্থে অনেক ক্ষেত্রে বন্ধ করা যায়।"
তিনি বলেন, এ কাজে সিটি করপোরেশন অনুদান দিচ্ছে কিনা সে ব্যাপারে তিনি কিছু জানেন না।
পরিবেশবাদী বেসরকারি সংস্থা (এনজিও) বেলা'র কর্মকর্তা সুভাষ বেদান্তি বলেন, "নতুন আইনে কারো ব্যক্তিগত পুকুর ও ডোবা ভরাট যাবে না। কলেজ কর্তৃপক্ষ যদি এ ধরনের কোনো কাজ করে অবশ্যই ডোবা রক্ষায় আমরা এগিয়ে আসব।"
নদী, খাল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন বলেন, "ডোবা-নালা বা পুকুর ভরাট কিংবা পরিবর্তন করা বেআইনি। কলেজ কর্তৃপক্ষ যদি এ ধরনের কাজ করে তা অন্যায় করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০৯০০ ঘ.
bdnews24