২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খোকার বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালতের আদেশ না মানার অভিযোগে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ও ঢাকা সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক ইউসুফ আবদুল্লাহ হারুনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 05:30 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের আদেশ না মানার অভিযোগে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা ও ঢাকা সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক ইউসুফ আবদুল্লাহ হারুনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম গ্রহণ করা হবে না আগামী ১ সেপ্টেম্বর হাইকোর্টে সশরীরে হাজির হয়ে তার জবাব দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি মো. ওবায়দুল হাসানের বেঞ্চ এই আদেশ দেয়। গত ১৫ ফেব্র"য়ারি হাইকোর্ট ঢাকার মেয়র ও সিটি করপোরেশনের প্রকল্প পরিচালককে সাভার ডাম্পিং গ্রাউন্ডে কী পরিমাণ ময়লা-আবর্জনা ফেলা হয়েছে এবং এ কারণে ওই এলাকায় বসবাসকারীদের ওপর কী নেতিবাচক প্রভাব পড়েছে চার মাসের মধ্যে এ সম্পর্কে প্রতিবেদন দিতে বলেছিল। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির দায়ের করা একটি জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেয়। আদালত নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ঢাকা সিটি করপোরেশন প্রতিবেদন জমা না দেওয়ায় সম্প্রতি বেলার আইনজীবী ইকবাল কবির লিটন বিষয়টি হাইকোর্টের নজরে আনেন। ইকবাল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাইকোর্ট ঢাকার মেয়র ও প্রকল্প পরিচালক ইউসুফ আবদুল্লাহ হারুনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২৩২২ ঘ.