পাবনা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় পাবনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ বলেছে, গ্রেপ্তার করা আবুল কালাম আজাদ ওরফে বাবু (৩৫) পাবনা সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স'র শ্যালক।
বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সংসদ সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স সাংবাদিকদের বলেন, "আমিই বাবুকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছি। তা ছাড়া ওই পরিবারের সঙ্গে বর্তমানে আমার কোনো সম্পর্ক নেই।"
এ ঘটনা নিয়ে যারা রাজনীতি করতে চায় তারা দেশের ক্ষতি চায় বলেও মন্তব্য করেন তিনি।
পাবনা সদর থানার ওসি মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ব্যবসায়ী আজাদ আলম মঙ্গলবার রাতে বাবু ও ঠান্টু (৪০) নামের দুই যুবকের বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা পাওয়ায় অভিযোগটি দ্রুত বিচার আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়, পাবনা শহরের আটুয়া মোমেনাবাদ এলাকার বাসিন্দা ব্যবসায়ী আজাদ আলম অভিযোগ করেন- শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে ব্রাদার্স ওয়াচ কোম্পানি ও সিটিজেল নামে তার দুটি দোকান রয়েছে।
সোমবার বাবু ও ঠান্টু তার কাছে এক লাখ টাকা চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করায় তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াসহ তাকে নানা হুমকি দেয়।
পরদিন প্রতিষ্ঠানের দুই কর্মচারী আলীম ও রাজ্জাকসহ তিনি বাড়ি ফেরার পথে আটুয়া এলাকায় বাবু ও ঠান্টু তাদের পথরোধ করে এক লাখ টাকা দিতে বলে।
টাকা দিতে অস্বীকার করায় তারা ধারালো অস্ত্র দিয়ে আলম ও তার দুই কর্মচারীকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩০৭ ঘ.
bdnews24