ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৭ সালের অগাস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক নির্যাতনের ঘটনা তদন্ত শুরু করেছে সংসদীয় কমিটি।
এ জন্য চার সদস্যদের একটি উপকমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়।
স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননকে কমিটির আহবায়ক করা হয়। এর অন্য তিন সদস্য হলেন- মির্জা আজম, বীরেন শিকদার ও মো. শাহ আলম।
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক সেনা সদস্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কথা কাটাকাটিকে কেন্দ্র করে ২০০৭ সালের ২০ অগাস্ট ছাত্র বিক্ষোভের সূত্রপাত হয়। পরবর্তীতে এই বিক্ষোভ চলে আরো দু'দিন, যা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়ে।
বিক্ষোভের এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের নামে মামলা দেওয়াসহ নানা ধরনের নির্যাতনের প্রকৃত অবস্থা অনুসন্ধানে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উপকমিটির আহবায়ক রাশেদ খান মেনন।
এই কমিটি ছাত্র বিক্ষোভের ঘটনা সম্পর্কে পাওয়া বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য নেবে।
রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতিমধ্যেই ঘটনা সম্পর্কিত প্রচুর ভিডিও ফুটেজ এবং তথ্য-উপাত্ত আমরা পেয়েছি। প্রয়োজনে ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্বাক্ষাৎকার গ্রহণ করা হবে।"
প্রতিবেদন পেশের জন্য কমিটিকে দুই মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে।
তিনি বলেন, "চূড়ান্ত প্রতিবেদনে ঘটনার জন্য দায়ীদের শাস্তি বিধানের সুপারিশ থাকবে এবং তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।"
এতে বৈঠকে 'বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল-২০১০' চূড়ান্ত করা হয়।
এ ছাড়া বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) 'এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ইনস্টিটিউট' প্রতিষ্ঠার বিষয়টি জরুরি ভিত্তিতে বিবেচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করার সিদ্ধান্ত হয় সভায়।
রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আজম, শেখ আব্দুল ওহাব, কাজী ফারুক কাদের, বীরেন শিকদার, মো. শাহ আলম, মু. জিয়াউর রহমান, শিক্ষা সচিব সৈয়দ আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম এম সফিউল্লাহ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/এইচএ/২১০৯ ঘ.
bdnews24