ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক রাষ্ট্রপতি ও সামরিক শাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে রাডার দুর্নীতি মামলায় অবশেষে সাক্ষ্য দিয়েছেন বাদি আলী হায়দার ।
বৃহষ্পতিবার দুপুরে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে এরশাদসহ চারজনের বিরুদ্ধে ১৮ বছর আগে দায়ের করা এ মামলায় বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পুলিশ সুপার আলী হায়দার সাক্ষ্য দেন।
বিচারক মো. আবদুল মজিদ আগামি ২২ সেপ্টেম্বর বাকি সাক্ষ্যের দিন নির্ধারণ করেছেন।
এ মামলার নথিপত্রে দেখা যায়, সাক্ষ্যের ১৮তম তারিখে বাদি সাক্ষ্য দিয়েছেন। নথি অনুযায়ী তিনি বর্তমানে অবসরে আছেন। তিনি টিকাটুলির বিসমিল্লাহ গার্ডেনে ডি-৩ নম্বর বাসায় থাকেন। সেখান থেকেই তিনি আদালতে সাক্ষ্য দিতে এসেছেন।
মামলাটির সাক্ষ্য গ্রহণের ধার্য দিনে বারবার বাদি হাজির না হওয়ায় এর আগে ক্ষোভ প্রকাশ করে বিচারকের কাছে অভিযোগ করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর শাহীন আহমেদ খান ও সহকারি প্রসিকিউটর মো. সাহিদুজ্জামান।
আদালতের পেশকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ পর্যন্ত ১৭ বার বাদিকে আদালতে হাজির হওয়ার জন্য সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হলেও তা কার্যকর হয়নি। পুলিশের মহাপরিদর্শক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালককে এর আগে বাদির হাজিরার ব্যাপারে তাগিদ দেয়া সত্ত্বেও কোন লাভ হয়নি।
এদিকে এর আগে মামলার নথিতে দেখা যায়, রমনা মডেল থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান বাদির ঠিকানা কেউ বলতে পারছে না এবং তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না বলে আদালতে প্রতিবেদন দাখিল করেছেন।
১৯৯০ সালে এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পর ৯২ সালের ৪ এপ্রিল ক্যান্টনমেন্ট থানায় মামলা করে বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো। মামলায় বলা হয়, এরশাদ রাষ্ট্রপতি থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে অপর অভিযুক্তদের যোগসাজশে ফ্রান্স থেকে না কিনে অপেক্ষাকৃত বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে রাডার কেনেন। এতে রাষ্ট্রের ৬৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৯শ ১৮ টাকার ক্ষতি হয়। এর মাধ্যমে অভিযুক্তরা সবাই মিলে সরকারি টাকা আত্মসাৎও করেন।
১৯৯৪ সালের ২৭ নভেম্বর মামলাটিতে অভিযোগপত্র দাখিল করা হয়। ৯৫ সালের ১২ অগাস্ট মামলাটিতে এরশাদসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বৃহষ্পতিবার এরশাদের পক্ষে অ্যাডভোকেট শেখ মো. সিরাজুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আইনজীর মাধ্যমে হাজিরা (বাই এজেন্ট) দিতে ব্যর্থ হওয়ায় এরশাদের পক্ষে সময় চাওয়া হয়।।
এ সময় এমামলার অপর আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান সুলতান মাহমুদ আদালতে হজির হন। কিন্তু ওই বাহিনীর সাবেক আরেক প্রধান মমতাজ উদ্দিন আহমেদ আদালতে হাজির হননি। তিনি হাজিরার জন্য আইনজীবীর মাধ্যমে সময় চান।
এ মামলায় আরেক অভিযুক্ত ইউনাইটেড ট্রেডার্সের এ কে এম মুসা পলাতক রয়েছেন। অপর অভিযুক্ত ইউনাইটেড ট্রেডার্সের সাবেক পরিচালক শাহজাদ আলীকে অভিযোগপত্র থেকে বাদ দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯০০ ঘ.
bdnews24