২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তি পেতে শুরু করেছে এক হাজার কারাবন্দি

দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কারাবন্দিকে একযোগে মুক্তি দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2010, 06:57 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক কারাবন্দিকে একযোগে মুক্তি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা থেকে কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬১টি কারাগারে থাকা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া এক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। এ উপলক্ষে এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কারা অধিদপ্তরের এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন কারাগারে থাকা এক হাজার বন্দিকে দুপুরে একই সময় মুক্তি দেওয়া শুরু হবে। এ বিষয়ে বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বন্দিদের মুক্তির আদেশ পেয়েছেন। বৃহস্পতিবার থেকে মুক্তি কার্যকর হবে। তিনি বলেন, "বাংলাদেশের কারা ইতিহাসে একসঙ্গে এত বিপুল সংখ্যক বন্দি মুক্তি পাওয়ার ঘটনা এই প্রথম।" দেশের ৬৭টি কারাগারের ৬১টি থেকে একযোগে বন্দিদের মুক্তি দেওয়া হবে। গত ৮ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন ধরে কারা ভোগকারী বৃদ্ধ, নারী, শিশু, প্রতিবন্ধী ও অসুস্থ এক হাজার বন্দিকে মুক্তি দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আইজি প্রিজন বলেন, "যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত যেসব বন্দি রেয়াতসহ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করেছেন তারাই এই সুযোগ পাচ্ছেন। বর্তমান যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর।" তিনি জানান, যেসব যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দির ব্যবহার ভাল, যারা ভাল কাজ করেছে, যারা কারাবিধি মেনে চলার কারণে যারা সাজার মেয়াদ কমে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং সেই সঙ্গে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাভোগ করেছেন তাদের একটি তালিকা আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিলো। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনা হয়। মন্ত্রণালয় এই তালিকা যাচাই-বাছাই করে বন্দিদের ছাড়ার সিদ্ধান্ত দেয় বলে জানান আইজি প্রিজন। তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কথা জানান। তবে যে তালিকা দেওয়া হয়েছিলো তা থেকে কিছু বন্দি বাদ পড়েছে বলেও জানান তিনি। এই এক হাজারের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সর্বোচ্চ সংখ্যক ৭৫ জন রয়েছে বলে জানান কারা মহাপরিদর্শক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১২৫২ ঘ.