চট্টগ্রাম, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- সার্কিট ব্রেকার চুরির অভিযোগে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তারা হলেন- পিডিবি গুদামের নিরাপত্তা বিভাগের দক্ষিণাঞ্চলের সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) এবিএম অবদুল হালিম, নিরাপত্তা পরিদর্শক অবদুল মোতালেব ও আবুল কালাম আজাদ।
বিদ্যুতের দুটি সার্কিট ব্রেকার চুরির অভিযোগে বুধবার তাদের বরখাস্ত করা হয়। এদিন সন্ধ্যায় পিডিবির নির্বাহী প্রকৌশলী বাদি হয়ে ওই তিনজনের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় একটি মামলা করেছেন।
পিডিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধান প্রকৌশলীর অনুমতির মিথ্যা তথ্য দিয়ে ১২ অগাস্ট আগ্রাবাদের গুদামের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এ তিনজন দুটি সার্কিট ব্রেকার নিয়ে যায়।
চুরি যাওয়া সার্কিট ব্রেকার দুটির আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
এর আগে গত এপ্রিলে একই গুদাম থেকে আরো দুটি সার্কিট ব্রেকার একইভাবে চুরি হয়।
২০০৮ সালে ২৮টি সাবস্টেশনে মেরামত কাজের সময় এসব পুরনো সার্কিট ব্রেকার খুলে এনে আগ্রাবাদ বিদুৎ বিভাগের গুদামে রাখা হয়েছিল।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এমসি/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24