২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায্য মূল্যে চাল বিক্রি শুরু

দেশে প্রথমবারের মতো দরিদ্র পরিবারের মধ্যে ন্যায্য মূল্যের কার্ডের (ফেয়ার প্রাইস কার্ড-এফপিসি) মাধ্যমে চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 03:21 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রথমবারের মতো দরিদ্র পরিবারের মধ্যে ন্যায্য মূল্যের কার্ডের (ফেয়ার প্রাইস কার্ড-এফপিসি) মাধ্যমে চাল বিতরণ কর্মসূচি শুরু হয়েছে বৃহস্পতিবার। সকাল ১০টা থেকে এ কার্যক্রম চলছে বলে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স ম গোলাম কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। খাদ্য মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ন্যায্য মূল্যের কার্ডের মাধ্যমে দেশের প্রায় আট লাখ ৯৬ হাজার পরিবারকে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা দেওয়া হবে। এর মধ্যে ঢাকা মহানগরে বিতরণ করা হয়েছে তিন লাখ ৯৫ হাজার কার্ড। এ কর্মসূচির আওতায় প্রতি কেজি চালের মূল্য নেওয়া হচ্ছে ২৪ টাকা। ডিলাররা এ চাল গুদাম থেকে সংগ্রহ করবে সাড়ে ২২ টাকায়। বাকি দেড় টাকা কমিশন হিসেবে তারা পাবে। ঢাকা মহানগর, অন্য ছয়টি বিভাগীয় শহর ও দেশের সব জেলা শহরের দরিদ্র মানুষের মধ্যে চাল বিক্রির এ কর্মসূচি নেওয়া হয়েছে। এতে প্রত্যেক কার্ডধারী মাসে ২০ কেজি চাল কিনতে পারবে। কোনো ব্যক্তি চাইলে ১০ কেজি করে মাসে দু'বার চাল কিনতে পারবে। এ কর্মসূচিতে প্রায় ২০ হাজার টন চাল বিক্রি করা হবে। কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক এক হাজার কার্ডধারীর জন্য একজন করে ডিলার নিয়োগ করা হয়েছে। এতে ঢাকা মহানগরীতে ২৬৯ জন, ঢাকার পার্শ্ববর্তী ১৭টি ইউনিয়নে ১৭ জনসহ গোটা দেশে ৮৬১ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। ১৬ অগাস্ট এ কর্মসূচি শুরুর কথা থাকলেও খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি শেষ না হওয়ায় তিনদিনের জন্য কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়। খাদ্যসচিব বরুণ দেব মিত্র বুধবার জানিয়েছেন, কতদিন এ কর্মসূচি চলবে, তা পরবর্তীতে পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।" গত ৯ অগাস্ট এক সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ১৬ অগাস্ট থেকে ন্যায্য মূল্যের কার্ডের (এফপিসি) মাধ্যমে চাল বিক্রির কর্মসূচি শুরুর ঘোষণা দেন। এ কার্ডের সংখ্যা আরো বাড়বে এবং ভবিষ্যতে স্থায়ী রূপ পাবে বলে জানান আব্দুর রাজ্জাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৩৩৯ ঘ.