ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা এক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
তিনি বলেন, "মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে ৪০ বছর পিছিয়ে দিয়েছে। এই ষড়যন্ত্রকারীরা এখনও তৎপর রয়েছে।"
বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
ইতিহাস বিকৃতির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীরা যখন ক্ষমতায় গিয়েছে তখনই ইতিহাস বিকৃত করেছে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, "৭১ ও ৭৫ এর ঘাতক এবং জঙ্গিবাদ একই সূত্রে গাঁথা। আর জিয়াউর রহমানের হাত ধরেই বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। আর জঙ্গিবাদের এ উত্থানকে চিরস্থায়ী করতে চাইছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।"
শেখ মুজিব হত্যার পর খুনি ফারুক ও রশিদ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে সাক্ষাতকার দিয়েছিলেন তার মাধ্যমেই হত্যায় জিয়াউর রহমানের সংশ্লিষ্টতা প্রমাণিত হয় বলেও মন্তব্য করেন আইন প্রতিমন্ত্রী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক শওকত জাহাঙ্গীর, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহিনুর রহমান এবং অধ্যাপক লুৎফর রহমান আলোচনায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /প্রতিনিধি/এএনএস/পিডি/২১০১ ঘ.
bdnews24