ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গুলি বিনিময়ের পর গুলিবিদ্ধ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার গভীর রাতে রাজধানীর ধানমণ্ডি ও সবুজবাগে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত একটার দিকে ধানমণ্ডির আবাহনী মাঠের পাশে ফুটপাথে কয়েকজন যুবক ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। র্যাব-২ এর একটি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় র্যাব পাল্টা গুলি চালালে আব্দুর রহিম (২৩) নামে এক যুবক আহত হয়। তার কাছ থেকে একটি পাইপগান, এক রাউন্ড গুলি ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
রহিমকে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সবুজবাগের বৌদ্ধ মন্দির মায়াকানন এলাকায় র্যাব সদস্যদের সঙ্গে গুলিবিনিময়ে আলমগীর হোসেন নামে এক যুবক আহত হয়েছে। তার কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
এ দুই ঘটনায় পৃথক মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এইচএ/১৯১১ ঘ.
bdnews24