ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদুল ফিতরের আগে ঢাকা ছেড়ে যাওয়ার মূল চারটি পয়েন্টের যানজট কমাতে করণীয় ঠিক করার জন্য নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শককে (ডিআইজি) এ নির্দেশ দেওয়া হয়।
একইসঙ্গে ঢাকা শহরে চলাচলকারী ৮০ হাজার ফিটনেসবিহীন যানবাহনের তালিকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে হস্তান্তরের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রী।
ফিটনেসবিহীন এসব যানবাহনকে কোনভাবেই মহানগর এলাকায় চলতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে যানজট নিরসন সংক্রান্ত এক বৈঠকে মন্ত্রী এসব নির্দেশ দেন।
বৈঠকে অবৈধ যানবাহন, ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক এবং ২০ বছরের বেশি পুরোনো বাস ও মিনিবাসের বিরুদ্ধে চলমান ভ্রাম্যমান আদালত কার্যক্রম আরো জোরদার করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
বৈঠকে এক্সেলেন্স রিসার্চ সেন্টারের প্রধান নির্বাহী বুয়েট শিক্ষক ড. শামসুল হক রাজধানীর যানজট কমাতে ব্যক্তিগত গাড়ি সিএনজি'তে রূপান্তর কার্যক্রম বন্ধের সুপারিশ করেন। তিনি ছোট গাড়ি নিরুৎসাহিত করে গণপরিবহনের পরিমাণ বাড়ানোর তাগিদ দেন।
যোগাযোগ মন্ত্রী এ বিষয়ে মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর পরামর্শ দিয়ে বলেন, "এ ধরনের সুপারিশ পাওয়া গেলে মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে তা বিবেচনা করবে। প্রয়োজনে কালই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকার বিশেষজ্ঞদের মতামতকে কাজে লাগাতে চায়।"
বৈঠকে ফিটনেস ও রুট পারমিটবিহীন যানবাহনের বিরুদ্ধে চলমান ভ্রাম্যমান আদালতের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অমিতাভ সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিভিন্ন সমস্যা, যানবাহন ও বাজেট সংকটের বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী অভিযোগ করেন, বড় বাস কোম্পানিগুলো রাজধানীর বিভিন্ন ফুটপাত দখল করে কাউন্টার স্থাপন করেছে। যা পথচারীদের চলাচলে প্রতিবন্ধক। এছাড়া ফুটপাত দখলও যানজটের একটি বড় কারণ।
বৈঠকে যানজট নিরসনে বিআরটিএ'র পক্ষ থেকে ঢাকা ছাড়া অন্য জেলায় রেজিষ্ট্রেশন করা প্রাইভেট কার, মোটরকার, জীপ, মাইক্রোবাস, মোটর সাইকেল প্রবেশ ও চলাচল নিষিদ্ধ, প্রাইভেট কার, জীপ ও মাইক্রোবাস আমদানির ওপর শুল্ক বৃদ্ধি ও রিকন্ডিশন প্রাইভেটকার আমদানির ওপর কঠোর বিধি-নিষেধ আরোপের সুপারিশ করা হয়।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান, বিআরটিসি চেয়ারম্যান এম এম ইকবাল, বিআরটিএ চেয়ারম্যান আইয়ুবুর রহমান খানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/১৭২২ ঘ.
bdnews24