২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

রাজধানীর ফার্মগেট এবং পল্লবীতে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুইজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 06:34 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ফার্মগেট এবং পল্লবীতে বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় এক মহিলাসহ দুইজন নিহত হয়েছে। তেজগাঁও থানার উপপরিদর্শক শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেসরকারি চাকুরিজীবি মামুনুর রহমান তার মা মাহমুদা সিদ্দিকীকে (৫৮) চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে মটর সাইকেলের পেছনে বসিয়ে পূর্ব গোড়ানের বাসা থেকে বের হন। তারা সকাল ১০টার দিকে ফার্মগেট আনন্দ সিনেমা হল সংলগ্ন ওভার ব্রীজের নীচে এলে পেছন থেকে একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মা ছেলে দুজনেই ছিটকে পড়েন। এ সময় বাসটি মাহমুদাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মামুনুর রহমান সামান্য আহত হয়েছেন। এদিকে প্রায় একই সময় পল্লবী বাসস্ট্যান্ড সংলগ্ন মোহনা টেলিভিশন সেন্টারের সামনে একটি বাস পেছন থেকে একটি রিক্সাকে ধাক্কা দিলে রিক্সার দুই যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। তাদের মধ্যে মো. আব্দুল হালিম নামে (৩৩) একজন গুরুতর আহত হন। পল্লবী থানার উপপরিদর্শক তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ী সিরাজগঞ্জ বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১২৩৩ ঘ.