মাগুরা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অভ্যন্তরীণ কোন্দলের জেরে' মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মাহবুব হোসেন (৩৩) খুন হয়েছেন। আহত হয়েছেন একজন।
আহত জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক হারুনর রশীদকে (৩৬) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় জেলা শহরের মাতৃসদন সড়কে এ ঘটনা ঘটে।
এই দু'জনেরই বাড়ি জেলা শহরের পারলা বিশ্বাসপাড়ায় বলে পুলিশ জানিয়েছে।
মাগুরা সদর থানার ওসি আব্দুর রকিব খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঠিকাদারী সংক্রান্ত ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মাহবুব ও হারুন পরস্পরকে ছুরিকাঘাত করেন। এসময় তাদের সঙ্গে আরো কয়েকজন ছিল বলেও পুলিশ কর্মকর্তা জানান।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রদল ও যুবদল কর্মী জানান, অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24