২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগকে 'অবক্ষয়' থেকে বেরিয়ে আসার আহ্বান

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগকে 'অবক্ষয়' থেকে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন সংগঠনটির সাবেক নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 04:15 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগকে 'অবক্ষয়' থেকে বেরিয়ে আসার আহবান জানিয়েছেন সংগঠনটির সাবেক নেতারা। রাজধানীর ডিপ্লোামা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মঙ্গলবার বিকালে প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশন আয়োজিত শোক দিবসের আলোচনায় সাবেক ছাত্রনেতারা এ আহ্বান জানান। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবদুর রউফ বলেন, "ছাত্রলীগে অবক্ষয় এসেছে। এখন শপথ নিয়ে অবক্ষয় দূর করতে হবে।" আরেক সাবেক সভাপতি তোফায়েল আহমদ বলেন, "বর্তমান ছাত্রলীগ নিয়ে আমি কোন মন্তব্য করি না, করতে চাই না। ছাত্রলীগের গৌরবময় অতীত নিয়েই কথা বলি। আমরা মন্ত্রীত্বের জন্য পাগল। কিন্তু বঙ্গবন্ধু ১৯৫৭ সালে দলের জন্য মন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন।" সাবেক সভাপতি মাজহারুল হক বাকী বলেন, বঙ্গবন্ধুর দুর্দিনের কর্মী ছিলেন তিনি। কিন্তু এখন দুর্দিনের কর্মী পাওয়া যায় না। সাবেক এই ছাত্রনেতা ছাত্রলীগের সবাইকে দুর্দিনের কর্মী হয়ে উঠার আহ্বান জানান। ছাত্রলীগের (জাসদ) সাবেক সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, বঙ্গবন্ধুর আমলে ছাত্রলীগ নেতারা আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করতেন। কিন্তু এখন কোনো পর্যায়েই আদর্শ বাস্তবায়নের চেষ্টা হয় না। মনের কথা পরিষ্কার করে বলার পরিবেশ এখন নেই। সাবেক ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এবং সাবেক ছাত্রনেতা খালেদ মোহাম্মদ আলী, এম এ রশীদ, মাহবুব উদ্দিন আহমেদ ও ইসমত কাদির গামা আলোচনায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএনএস/পিডি/২২১২ ঘ.