ঢাকা, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দেয়ালচাপায় মঙ্গলবার দুপুরে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহতের নাম জাকারিয়া (৯)। সে নীলক্ষেত হাইস্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র। তার বাবা মোতালেব মিয়া টিএসসির চতুর্থ শ্রেণীর কর্মচারী।
বাবা-মায়ের সঙ্গে জাকারিয়া টিএসসির দক্ষিণ পাশে একটি বাসায় থাকতো। দুই ভাই ও এক বোনের মধ্যে জাকারিয়া বড়।
টিএসসির পরিচালক মো. আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেয়ালটি অপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল।"
ময়নাতদন্ত ছাড়াই জাকারিয়ার লাশ টাঙ্গাইলের গ্রামের বাড়ির উদ্দেশে নিয়ে যাওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক টিএসসির একাধিক কর্মচারী অভিযোগ করেন, টিএসসির সাইবার সেন্টারের দক্ষিণ-পশ্চিমে ধ্বসে যাওয়া দেয়ালটি টিএসসির ইলেকট্রিশিয়ান তৈয়ব উল্লাহ দুই বছর আগে তৈরি করেছেন। তবে শুরু থেকেই নির্মাণে ত্র"টি থাকায় এটি ভঙ্গুর অবস্থায় ছিলো।
নিহত জাকারিয়ার সহপাঠী ও প্রতিবেশী আতিকুর রহমান (১০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বেলা সাড়ে ১২টার দিকে আমি, জাকারিয়া ও তার ভাই জাহিদুল খেলছিলাম। এ সময় জাকারিয়া পাশের দেয়ালটিতে একটি কাঠ দিয়ে আঘাত করলে দেয়ালটি ধ্বসে তার ওপর পড়ে।"
পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, জাকারিয়া মারা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৮২২ ঘ.
bdnews24