২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় গুলি, মর্টার শেল ও গ্রেনেড উদ্ধার

বগুড়া শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় পরিত্যাক্ত অবস্থায় গুলি, মর্টার শেল ও গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আরো তথ্যসহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 09:20 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

বগুড়া, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়া শহরের সুত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এলাকায় পরিত্যাক্ত অবস্থায় গুলি, মর্টার শেল ও গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। একটি বহুতল ভবন নির্মাণের জন্য মঙ্গলবার সকালে মাটি খননের সময় বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৬৮২ রাউন্ড গুলি, একটি মর্টার শেল ও তিনটি গ্রেনেড শ্রমিকদের নজরে আসে। পরে এগুলো উদ্ধার করা হয়। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় এগুলো মাটির নিচে রাখা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। র‌্যাব-১২ বগুড়ার কমান্ডার মেজর মোস্তফা আহসান ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মাটির নিচে একটি বাক্সে গুলিগুলো পুতে রাখা ছিল। সম্ভবত এগুলো ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময়ের।" র‌্যাব কর্মকর্তা বলেন, গুলিগুলোর অধিকাংশই নষ্ট হয়ে গেছে। তবে গুলির ভিতরে যেহেতু বারুদ রয়েছে তাই এগুলো পরীক্ষা করার আগে বলা যাবে না সবগুলো গুলি অকার্যকর। বগুড়ার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আরিফুর রহমান মণ্ডল জানান, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ২৪৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি, ২৬২টি চাইনিজ রাইফেলের গুলি, ১৭৫ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি, ৪টি গ্রেনেড ও একটি মর্টার শেল। এ গুলো সদর থানায় নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান। বহুতল ভবনের নির্মাতা প্রতিষ্ঠান গাজী রিয়েল এস্টেটের স্বত্ত্বাধিকারী গাজী সফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভবনের ভিতের জন্য শ্রমিকরা সকালে মাটি খোঁড়ার সময় এই গুলি, মর্টার শেল ও গ্রেনেড দেখতে পায়। খবর দিলে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে সেগুলো উদ্ধার করে।" সফিকুল জানান, সুত্রাপুর মহল্লার লুৎফে আনোয়ার ফেরদৌস ও তাহমিনা বেগম এর কাছ থেকে চুক্তিতে জায়গাটি নেয় তার প্রতিষ্ঠান। গাজী রিয়েল এস্টেটের আরেক স্বত্ত্বাধিকারী গাজী সাইফুল ইসলাম জানান, নির্মিত ভবনের পাশেই মালিক লুৎফে আনোয়ার ফেরদৌসের বড় ভাই প্রয়াত মুক্তিযোদ্ধা লুৎফে আনোয়ার কিসলুর বাসা ছিলো। সূত্রপুর এলাকার বাসিন্দা সালেহ আহমেদ জানান, কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পাশে বগুড়ার উল্লেখযোগ্য মুক্তিযোদ্ধাদের বাসা। ধারণা করা হচ্ছে বগুড়া শহর মুক্তিযোদ্ধাদের দখলে আসার পর প্রতিরক্ষামূলক অবস্থান সৃষ্টির জন্য মুক্তিযোদ্ধারা এসব গোলাবারুদ ওই সময় মজুদ রেখেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/এমইউএস/এমএসবি/১৭৪৭ ঘ.