ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনে অভিযোজনের জন্য বাংলাদেশসহ পাঁচটি দেশকে কৌশলগত সহায়তা দেবে নেদারল্যান্ডস সরকার।
অন্য চারটি দেশ হলো ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মিশর ও মোজাম্বিক।
বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এ্যালফোনস্ হ্যানেকেন্স সোমবার সচিবালয়ে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করে এ কথা জানান।
রাষ্ট্রদূত আট সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
রাষ্ট্রদূত হ্যানেকেন্স প্রতিমন্ত্রীকে জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় নদী খনন এবং বন্যার কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব কমাতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানির প্রয়োজন। এজন্য নেদারল্যান্ডস 'গ্লোবাল ওয়াটার প্রোগ্রামে'র আধীনে বাংলাদেশকে সহায়তা দেবে।
রাষ্ট্রদূত জানান, কর্মসূচি বাস্তবায়নে আগামী অক্টোবরে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। ওই বৈঠকে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হবে।
পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ নেদারল্যান্ডস সরকারের এই সহায়তার উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/পিডি/২১২৬ ঘ.
bdnews24