সিরাজগঞ্জ, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের মোটর শ্রমিক ইউনিয়ন তাদের ডাকা বাস ধর্মঘট প্রত্যাহার করেছে।
সোমবার সন্ধ্যায় ইউনিয়নের পক্ষে মাইকিং করে আগামীকাল (মঙ্গলবার) সকাল থেকে জেলার সকল অভ্যন্তরীণ রুটে যান চলাচল থাকবে বলে জানায়।
শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদ ও শ্যালো ইঞ্জিনচালিত নছিমন-ভটভটি বন্ধসহ কয়েকটি দাবিতে রোববার থেকে জেলার অভ্যন্তরীণ রুটে তারা ধর্মঘট করছিল।
বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহার করে নেয়।
সভায় তাদের বলা হয়, ঈদের পর থেকে মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী নছিমন-করিমন, ভটভটি ও মাইক্রোবাসের বডি কেটে তৈরি হিউম্যান হলার চলাচলের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আলোচনায় পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মোশারফ হোসেন, বিআরটিএ'র সহকারী পরিচালক জামাল উদ্দিন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২২ ঘ.
bdnews24