২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় প্রকাশ্যে গুলি করে ইউপি চেয়ারম্যানকে হত্যা

খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদলকে (৪০) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আরো তথ্যসহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2010, 07:52 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

খুলনা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদলকে (৪০) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার বেলা পৌনে ১১টার দিকে ফুলতলা উপজেলা পরিষদের কাছে দুই যুবক খুব কাছে থেকে তাকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর বিক্ষুব্ধ এলাকাবাসী ইট ও গাছে গুড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে। পরে দুপুর আড়াইটার দিকে পুলিশের মধ্যস্থতায় এলাকাবাসী অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ফুলতলা থানার কর্তব্যরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মানিক দাস সাংবাদিকদের জানান, দামোদর ইউনিয়ন পরিষদের পরপর তিনবার নির্বাচিত চেয়ারম্যান বাদল খুলনা-যশোর মহাসড়ক হয়ে মটরসাইকেলে করে খুলনার দিকে যাচ্ছিলেন। উপজেলা পরিষদের অদূরে কামাল খাঁর ইটভাটার কাছে দুই যুবক বাদল চেয়ারম্যানকে ডাক দেয়। তাদের ডাকে সাড়া দিয়ে তিনি মটরসাইকেল থামান। সঙ্গে সঙ্গে দুই যুবক কাছ থেকে বাদলকে গুলি করে চলে যায়। গুলি শব্দ পেয়ে এলাকাবাসী ছুটে এসে বাদলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. দিদারুল আলম শাহীন জানান তার মৃত্যু হয়েছে। চলতি বছরের মার্চে বাদল চেয়ারম্যানের ছোট ভাই ফুলতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু সন্ত্রাসীদের হামলার শিকার হন। খুলনা থেকে ফুলতলায় নিজ বাড়ি ফেরার পথে নগরীর বাদামতলা এলাকায় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের কাছে তার প্রাইভেটকার লক্ষ্য করে বোমা নিক্ষেপ ও গুলি বর্ষণ করে সন্ত্রাসীরা। এতে আলউদ্দিন মিঠু গুরুতর আহত হন। বাদলের বাবা সরদার আবুল কাশেমকে ১৯৯৮ সালের ১৮ জুন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এদিকে ফুলতলার পথের বাজার এলাকার নিজ বাড়ির পাশের মাঠে বাদ আছর ইউপি চেয়ারম্যান বাদলের জানাজা হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/এমএসবি/১৭৪০ ঘ.