ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের মধ্য দিয়ে রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন জাতীয় শোক দিবস পালন করেছে।
ইসলামাবাদ থেকে বাংলাদেশ মিশনের কাউন্সিলর ( প্রেস) মোহাম্মদ ইশতিয়াক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে হাইকমিশনার সোহরাব হোসেন সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করেন।
পরে মিশনের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশীরা ফাতেহা পাঠ করেন। প্রয়াত এই নেতার আত্মার শান্তি কামনা করে মোনাজাতও করা হয়।
শোক দিবস উপলক্ষে হাইকমিশনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/এইচএ/২০২২ ঘ.
bdnews24