২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে দুর্ঘটনায় কলেজছাত্র আহত, ভাংচুর

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বাসের ধাক্কায় এক কলেজ ছাত্র আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 01:44 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বাসের ধাক্কায় এক কলেজ ছাত্র আহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এই ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। এই কারণে সড়কে যানজট লেগে যায়। বিক্ষুব্ধতরা ২-৩টি যানবাহন ভাংচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় বলে পুলিশ জানিয়েছে। আহত শিক্ষার্থী প্রসেনজিৎ কুমারকে (১৭) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে হাজি মিছির আলী কলেজের বাণিজ্য বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষ্যদর্শী ও হাজি মিছির আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির বেপারী জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি ছিলো পাগলার দেলপাড়ায়। সেখানে যাওয়ার জন্য তার কলেজের ছাত্ররা জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলো। এসময় বন্ধন পরিবহনের ঢাকাগামী একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় প্রসেনজিৎকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে এবং তার মাথায়, বুকে ও হাতে আঘাত লাগে। গুরুতর আহতাবস্থায় তাকে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এস এম বদরুল আলম জানান, ঘটনার জন্য দায়ী বাসচালক মো. হোসেনকে আটক করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪০ ঘ.