২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে অগ্নিকাণ্ডে নিহত ৪ বাংলাদেশি সনাক্ত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 06:47 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছিল, ওই ঘটনায় ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক সাইদা মুনা তাসনীম জানান, মঙ্গলবার রাতে দুবাইয়ের আফনান পারফিউমস নামের সুগন্ধী প্রস্তুতকারক কোম্পানির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশির মৃত্যু হয়। নিহতরা হলেন, সিলেটের আব্দুল কাদির (পাসপোর্ট নম্বর-এক্স ০৭৫৯৮২৪), বাবার নাম ঈদ্রিস আলী। মৌলভীবাজারের সুনাম উদ্দীন (পাসপোর্ট নম্বর-বি ১৪৩৩৯০১), বাবার নাম রিয়াজ উদ্দীন। শরিয়তপুরের সুমন (পাসপোর্ট নম্বর- এ ০২৯৫০৯৮), বাবার নাম আলাউদ্দিন সর্দার। চাঁদপুরের রহিম (পাসপোর্ট নম্বর- ই ১১৫৫৪২৭), বাবার নাম আদম আলী। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ মিশন নিহত বাংলাদেশি শ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে দুবাই সরকারের সঙ্গে কথাবার্তা বলছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়। আবুধাবী ভিত্তিক 'দি ন্যাশনাল' পত্রিকা বুধবার খবর দিয়েছিল, দুবাইয়ে ওই অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১১ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। ওই সময় শ্রমিকরা কারখানার পাশের গুদামে ঘুমিয়ে ছিলেন। নিহতদের মধ্যে অন্তত তিনজন ভারতীয় নাগরিক। বাকিরা বাংলাদেশি ও পাকিস্তানি। তবে তাদের কারো নাম সুগন্ধী কারখানা কর্তৃপক্ষ বা পুলিশ জানাতে পারেনি। দুবাই দমকল বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মঙ্গলবার রাত ১টার দিকে আফনান পারফিউমস নামের সুগন্ধী প্রস্তুতকারী কোম্পানির ওই কারখানা ও এর গুদামে আগুন লাগে। আগুনে কারখানাটি পুরোপুরি পুড়ে যায়। এ ঘটনার পর কোম্পানির আমিরাতি মালিক, তার ভারতীয় অংশীদার ও ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয় বলে খবরে বলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/০০৪২ ঘ.