২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় এডিসি'র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

মাগুরায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গাজী মো. রেজাউল করিমের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 01:49 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

মাগুরা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গাজী মো. রেজাউল করিমের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়েছে। বুধবার জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পারলা মৎস্যজীবী সমিতির সদস্য সিরাজুল ইসলাম বাদি হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন। বৃহস্পতিবার বাদির আইনজীবী নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। আদালত বৃহস্পতিবার সাক্ষী হাজিরের নির্দেশ দিলে বাদি পক্ষ সময় প্রার্থনা করে। অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, সদর উপজেলার আলোকদিয়া জলমহালের ইজারা বন্দোবস্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রেজাউল করিম পারলা মৎস্যজীবী সমিতি'র কাছে দুই লাখ টাকা দাবি করেন। তিনি জানান, ইতোমধ্যে সমিতির পক্ষ থেকে তাকে ৬০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা না দেওয়ায় গত ১৫ জুলাই তিনি সমিতির বিপক্ষে একটি প্রতিবেদন দাখিল করে জলমহালটি আবারো ইজারার জন্য দরপত্র আহ্বান করেন। মামলার নথিতে বলা হয়, পারলা মৎস্যজীবী সমিতি ২০০৫-২০০৮ সাল পর্যন্ত আলোকদিয়া জলমহালটি ইজারা নেয়। কিন্তু ২০০৫ সালে স্থানীয় পাতুড়িয়া মৎসজীবী সমিতির হাইকোর্টে রিট আবেদন করে। হাইকোর্ট ২০০৭ সাল পর্যন্ত ইজারা বন্দোবস্ত স্থগিত করে। ২০০৭ সালে পাতুড়িয়া মৎস্যজীবী সমিতির রিট আবেদনটি খারিজ হয়ে যায়। পারলা মৎস্যজীবী সমিতি জলমহালটি ইজারা পাওয়ার জন্য সরকারের কাছে আবারো আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে আগের ইজারা বাবদ সরকারি কোষাগারে সমিতির জমা থাকা অর্থ সমম্বয় করে আরো ৪৭ হাজার টাকা জমা দিতে বলা হয়। সে অনুযায়ী গত ১৩ জুন সমিতি টাকা জমা দেয়। কিন্তু এডিসি ওই ইজারা বন্দোবস্তের জন্য বাদি সিরাজুল ইসলামসহ অপর মৎস্যজীবীদের নথি আটকে রেখে অতিরিক্ত টাকা চান। এডিসি গাজী রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মামলার বিষয়টি আমি এখনো পর্যন্ত জানি না। যদি মামলা হয়ে থাকে তবে তা ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৪৩ ঘ.