ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রমজানের প্রথম দিনে বৃহস্পতিবার ওলামা-মাশায়েক এবং এতিমদের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
ইস্কাটন লেডিজ ক্লাবে খালেদা জিয়া তাদের জন্য এই ইফতার পার্টির আয়োজন করেন।
ইফতারের আগে খালেদা জিয়া ওলামা-মাশায়েক ও এতিমদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মোনাজাত শেষে ইফতার করেন সবাই।
রাজধানীর ৩টি অনাথ আশ্রম থেকে এতিমরা এ ইফতার পার্টিতে যোগ দেন।
ওলামা-মাশায়েকদের মধ্যে মাওলানা জয়নুল আবেদিন, শাহ মোহাম্মদ আরিফ বিল্লাহ, মাওলানা শাহজাহান মাদানীসহ বিভিন্ন মাদ্রাসার আলেমগণ উপস্থিত ছিলেন।
ইফতার পার্টিতে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, মওদুদ আহমেদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ারসহ দলের সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "১৭ অগাস্ট রাজনীতিবিদরে সম্মানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, ১৮ অগাস্ট কূটনীতিকদের সম্মানে হোটেল রেডিসনে এবং ২১ অগাস্ট সংসদ ভবনে বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে খালেদা জিয়া আরও তিনটি ইফতার পার্টি দেবেন।"
এছাড়া সংসদ ভবনে ১৪ অগাস্ট ছাত্র দল, ১৬ অগাস্ট যুব দল ও ২৪ অগাস্ট মহানগর বিএনপি, গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ১৯ অগাস্ট স্বেচ্ছাসেবক দল, তোপখানা রোডে সৌরভ কমিউনিটি সেন্টারে ২২ অগাস্ট মহিলা দল, ইস্কাটনের সোহাগ কমিউনিটি সেন্টারে ২৩ অগাস্ট জামায়াতে ইসলামী এবং ২৬ অগাস্ট জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার পার্টিতে যোগ দেবেন বিরোধী দলীয় নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৯০৬ঘ.
bdnews24