রাজশাহী, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিস্ফোরক মামলায় রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুল মালেককে দুদিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বুধবার দুপুরে রাজশাহী মহানগর হাকিম আদালতের বিচারক আমিরুল ইসলাম এ আদেশ দেন।
বোয়ালিয়া থানার ওসি শাহাদৎ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোরে নগরীর ছোট বনগ্রাম এলাকার বাসা থেকে আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়।
ওই দিনই তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতের নেওয়ার আবেদন করা হয়। আদালত বুধবার শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলো।
জামায়াতের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে গত ২৯ জুন রাতে নগরীর সোনাদীঘি মোড় এলাকায় মহানগর জামায়াত-শিবির নেতাকর্মীরা ঝটিকা মিছিল থেকে হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় ওই রাতেই জামায়াত-শিবিরের ৩৬ নেতাকর্মীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করে পুলিশ। আব্দুল মালেক ওই মামলার এজাহারভুক্ত আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩৪ ঘ.
bdnews24