চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে আগামী মাসে কাস্টমস আপিল ট্রাইব্যুনালের একটি বেঞ্চ হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ।
একইসঙ্গে পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেট কার্যালয়ও চালু করা হবে বলে তিনি জানান।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে অনুষ্ঠিত এক সেমিনারে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
'চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়ন এবং খালাস পদ্ধতি সহজীকরণ' বিষয়ক এ সেমিনারে তিনি বলেন, আগামী মাসেই চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি ও রপ্তানি দুই বিভাগকে একীভূত করা হবে।
এনবিআর চেয়ারম্যান বলেন, জনবল সংকট দূর করতে রাজস্ব বোর্ড এখন সক্রিয়। কোনো সমস্যা না হলে এ বছরই ১৫২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা নিয়োগ হতে পারে।
এনবিআর সদস্য (শুল্ক) হুসেইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক প্রকাশ দেওয়ান।
কাস্টম হাউসের পদ্ধতিগত সহজীকরণ ও বাণিজ্য গতিশীল করতে নেওয়া সাতটি পদক্ষেপ এবং এসব পদক্ষেপের সমস্যাও তুলে ধরেন প্রকাশ দেওয়ান।
পদক্ষেপগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- কাস্টমস আইন যুগোপযোগীকরণ, শুল্কায়ন ও খালাসে গ্রিন চ্যানেল পদ্ধতি চালু, বেসরকারি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) নয় ধরনের পণ্য খালাস, বন্দরে চারটি কনটেইনার স্ক্যানার স্থাপন, স্বয়ংক্রিয় পদ্ধতি চালু ইত্যাদি।
সমস্যা নিরসনে কাস্টমস হাউসে একটি আলাদা স্ক্যানার বিভাগ করারও প্রস্তাব করেন প্রকাশ দেওয়ান।
সেমিনারে আরো বক্তব্য রাখেন- রাজস্ব বোর্ডের প্রথম সচিব খায়রুজ্জামান মজুমদার, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনার ফিরোজ শাহ আলম, কাস্টমস হাউসের দুই কমিশনার সৈয়দ গোলাম কিবরীয়া ও জামাল হোসেন, মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০১৪ ঘ.
bdnews24