চাঁদপুর, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁদপুরে মঙ্গলবার সকালে প্রায় দুই ঘণ্টা চাঁদপুর-কুমিলা মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ এলাকাবাসী।
সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সদর উপজেলার মহামায়া বাজার এলাকার বাসিন্দারা ওই এলাকা অবরোধ করে রাখে।
এতে ওই সড়কের উভয় পাশে প্রায় চার শতাধিক যানবাহন আটকা পড়ে।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহামায়া বাজার এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী। ওই সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা আটকে দেয় তারা।
তিনি জানান, অবরোধ চলাকালে বিক্ষুদ্ধ এলাকাবাসীর নিক্ষিপ্ত ইট-পাটকেলে বেশ কিছু যানবাহনের ক্ষতি হয়েছে।
পরে বেলা সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
মহামায়া বাজার এলাকার বাসিন্দারা জানান, ওই এলাকায় প্রতিদিন প্রায় ১০/১২ ঘন্টা লোডশেডিং হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩৫৪ ঘ.
bdnews24