ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজানে চালের মূল্য দরিদ্র মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) শুরু হয়েছে।
খ্যাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ১০টায় ঢাকাসহ সারাদেশের মহানগর ও বিভাগীয় জেলা শহরে এ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার শ্রমঘন জেলা শহরেও এ কার্যক্রম শুরু হবে।
ঢাকায় মঙ্গলবার কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, মিরপুর-১০, মিরপুর-১, লালকুঠি, গাবতলী, শংকর, আজিমপুর, পলাশী, মহাখালী, আমতলী, রামপুরা বাজার, রামপুরা টিভি স্টেশনের সামনে, বাড্ডা, বাসাবো, গোরান, কমলাপুরসহ ১০০টি স্পটে ট্রাকে করে এ কার্যক্রম শুরু হয়েছে।
বিক্রেতারা জানিয়েছেন, প্রচারণা কম থাকায় প্রথম দিনে কম সাড়া পাওয়া গেছে। তবে কয়েকদিনের মধ্যেই ভাল সাড়া পাওয়া যাবে বলে আশা করছেন তারা।
চালের মূল্য দরিদ্র মানুষের ক্রয়সীমার মধ্যে রাখতে আগামী ১৬ অগাস্ট থেকে ফেয়ার প্রাইস কার্ডের (এফপিসি) মাধ্যমেও চাল বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার।
ওএমএস ও এফপিসির ক্ষেত্রে সাধারণ মানুষ মাত্র ২৪ টাকা কেজি দরে চাল কিনতে পারবেন। তবে ওএমএস'র ক্ষেত্রে সপ্তাহে পাঁচদিন জনপ্রতি পাঁচ কেজি এবং এফপিসিতে জনপ্রতি মাসিক ২০ কেজি করে চাল কিনতে পারবেন।
গত সোমবার বিকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন এসব তথ্য তুলে ধরেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
তিনি জানান, ওএমএস ও এফপিসি ছাড়াও ঈদের আগে দরিদ্রদের জন্য ভিজিএফের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এতে চালসহ ভোগ্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যেই থাকবে।
ওএমএস কার্যক্রম চলবে রমজান মাস পর্যন্ত। সপ্তাহের শুক্র ও মঙ্গলবার ছাড়া অন্য পাঁচদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চাল বিক্রি হবে। তবে কোন ক্ষেত্রে চালের সম্পূর্ণ বিক্রি সম্ভব না হলে, বিক্রি শেষ হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশের ৪৮৫ জন ডিলারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরমধ্যে ২৬৫ জন ট্রাক ও বাকিরা দোকান ডিলার। দোকান ডিলাররা কেবলমাত্র বন্যা কবলিত সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনায় চাল বিক্রি করবে।
খাদ্য মন্ত্রী জানান, ঢাকায় ওএমএস কার্যক্রম পরিচালনায় ১৪০ জন ট্রাক ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রয়োজনে ডিলার বাড়ানো হবে।
এদিকে সারাদেশে এবার আট লাখ ৫৬ হাজার ব্যক্তিকে এফপিসি কর্মসূচির আওতায় আনা হয়েছে। এদের মধ্যে তিন লাখ ৬৬ হাজার ৪০০ কার্ড দেওয়া হয়েছে ঢাকা মহানগরীতে। ঢাকার ১৭টি শ্রমঘন ইউনিয়নে দেওয়া হয়েছে ৫৬ হাজার ৪১০টি কার্ড।
বাকী চার লাখ ৩৩ হাজার ৮৫৭ জন হচ্ছে অন্য বিভাগীয় শহর, মহানগর ও জেলা শহরের জন্য।
মন্ত্রী জানান, তালিকাভূক্ত কার্ডধারীদের নাম যাচাই-বাছাই করা হচ্ছে। পরে কার্ডধারীর সংখ্যা বাড়তে পারে। এ কর্মসূচির জন্য ৫৩২ জন ডিলার নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/১২১৮ ঘ.
bdnews24