গাজীপুর, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শনিবার এক কলেজ শিক্ষক ও এক ট্রাফিক সার্জেন্ট নিহত হয়েছেন।
নিহতরা হলেন- গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল করিম (৪২) ও নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট বেলাল হোসেন (৩৫)।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সদর উপজেলার ভোগড়া বাইপাস সড়কে দায়িত্ব পালনকালে সকাল সাড়ে ৭টার দিকে একটি ট্রাক বেলাল হোসেনকে চাপা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাকে গাজীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
বেলালের বাড়ি লালমনিরহটের কালীগঞ্জ থানার মিথুক গ্রামে। তার বাবার নাম নূর মোহাম্মদ।
ওদিকে সকাল ১০টার দিকে সদর উপজেলার দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে লেগুনা-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল করিম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৪ জন।
নিহত লেগুনা যাত্রী আব্দুল করিমের বাড়ি গাজীপুরের মির্জাপুরে।
আহতদের মধ্যে সাত জনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন- জসিম উদ্দিন (৩২), সোহেল (৩০), সানোয়ার হোসেন (২২), রবিন (১৩), আতিয়ার রহমান (৫০), লিটন (২২) ও দেলোয়ার হোসেন (২২)।
তাদেরকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ভাওয়াল মির্জাপুর কলেজের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা দক্ষিণ সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কটি বেলা সোয়া ১২টা থেকে পৌনে ১টা পর্যন্ত অবরোধ করে রাখে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ সার্জেন্ট মোস্তাফিজুর রহমান জানান, সকালে নিহতদের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে স্বজনদের আবেদনে দুপুরে বিনা ময়নাতদন্তে লাশ দু'টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬১৩ ঘ.
bdnews24