ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজান উপলক্ষে রাজধানীতে দেশী গরুর মাংসের কেজি ২৫০ টাকা এবং খাসীর মাংস ৩৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সিটি মেয়র সাদেক হোসেন খোকার সঙ্গে ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে রমজান মাসে প্রতি কেজি দেশি গরুর মাংস ২৫০ টাকা, আমদানি করা গরুর মাংস ২২০ টাকা, মহিষ ও ভেড়ার মাংস ২০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত হয়।
ডিসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি মাংসের দোকানে নির্ধারিত মূল্য তালিকা টাঙিয়ে রাখতে হবে। সিটি করপোরেশনের নির্ধারিত মূল্যের বাইরে কেউ বেশি দামে মাংস বিক্রি করলে জরিমানা করা হবে।
আগামী ১ রমজান থেকে ২৭ রমজান পর্যন্ত মাংসের এই মূল্য তালিকা কার্যকর থাকবে।
বৈঠকে ডিসিসির প্রধান নির্বাহী আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল বারেক ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬০৬ ঘ.
bdnews24