ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৬১তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে বৃহস্পতিবার।
শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। পঁচাত্তরের ১৫ আগস্ট মাত্র ২৬ বছর বয়সে নির্মম হত্যাযজ্ঞের শিকার হন তিনি।
যথাযোগ্যভাবে শেখ কামালের জন্মদিন উদযাপনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও আবাহনী ক্রীড়া চক্র।
সকাল সাড়ে ৮টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর ও সাড়ে ৯টা থেকে বনানী গোরস্থানে শেখ কামালের কবরে শ্রদ্ধা নিবেদন, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল করছে আওয়ামী লীগ।
বনানী গোরস্থানে শেখ কামাল স্মরণে সকাল সাড়ে ৯টা থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলসহ একই ধরনের কর্মসূচি পালন করছে মহিলা আওয়ামী লীগ ।
শেখ কামালের জন্মদিন উপলক্ষে বিকাল ৫টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা, শেখ কামাল স্বর্ণপদক বিতরণ, পেশাদার ফুটবল লীগ হ্যাট্রিক চ্যাম্পিয়ন আবাহনী ফুটবল দল ও হকি লীগ চ্যাম্পিয়ন দলের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে আবাহনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা। তিনি আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্যও।
শেখ কামাল বি এ এফ শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগ থেকে বি এ অনার্স পাস করেন।
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র ছায়ানটে সেতার বাদন বিভাগের ছাত্র ছিলেন। বন্ধু শিল্পীদের নিয়ে শেখ কামাল গড়ে তুলেছিলেন 'স্পন্দন শিল্পী গোষ্ঠী'। ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
বাংলাদেশ ছাত্র লীগের একজন কর্মী হিসাবে '৬৬ এর ছয় দফা আন্দোলন, '৬৯ এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন তিনি।
স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন ও তৎকালীন সেনাপ্রধান জেনারেল এম এ জি ওসমানির এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন শেখ কামাল।
দেশ স্বাধীন হওয়ার পর তিনি সেনাবাহিনী থেকে অব্যাহতি নিয়ে পড়াশোনায় মনোনিবেশ করেন। বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন শেখ কামাল।
১৯৭৫ সালের ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে শেখ কামালের বিয়ে হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১০২০ ঘ.
bdnews24