ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়াতে শিল্প মন্ত্রণালয়ের অধীন কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বডুয়া।
তিনি বুধবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইডিএফসিআই) এর ব্রোকারেজ হাউজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান।
শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মতিউল ইসলাম বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, যোগাযোগ অবকাঠামোসহ সেবাখাতের উন্নয়নে সবসময় সরকারি অর্থায়নের ওপর পুরোপুরি নির্ভর করা হয়। এর ফলে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সামাজিকখাতে অর্থায়ন সরকারের পক্ষে কষ্টসাধ্য।
তিনি সরকারের ওপর শতভাগ নির্ভর না করে যোগাযোগ অবকাঠামোসহ সেবাখাতের উন্নয়নে বেসরকারিখাতকে বিনিয়োগে এগিয়ে আসার আহবান জানান।
দিলীপ বডুয়া বলেন, দেশের দ্রুত ও টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে শক্তিশালী বেসরকারিখাত গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, ব্যবসা করা সরকারের কাজ নয়, ব্যবসায়ীদের ব্যবসা প্রসারে প্রয়োজনীয় সহায়তা দেওয়াই সরকারের দায়িত্ব।
সরকার যোগাযোগ অবকাঠামোগত উন্নয়নে এক হাজার ৬শ' কোটি টাকার অবকাঠামো উন্নয়ন তহবিল গঠন করেছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) কর্মসূচির আওতায় দেশের যোগাযোগ অবকাঠামো ও সেবাখাতের উন্নয়নে এ তহবিলের অর্থ ব্যয় হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/২২৩২ ঘ.
bdnews24