ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলার মাঠের দখল নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দুটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে।
বুধবার বিকালে উপজেলার পাঘাচং ও চান্দপুর গ্রামের লোকজনের এই সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন।
সংঘর্ষকারীরা ঢাকা-চট্রগ্রাম-ঢাকা-সিলেট রেলপথের পাঘাচং রেলস্টেশনে অবস্থান নেওয়ায় বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিলো।
এতে চট্টগ্রামগামী মহানগর গোধূলী ও সুবর্ণ এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে এবং ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস আখাউড়া স্টেশনে আটকা পড়ে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) সঞ্জয় সরকার সাংবাদিকদের জানান, বিকাল ৫টার দিকে পাঘাচং ও চান্দপুর গ্রামের মাঝামাঝি একটি খেলার মাঠের দখল নিয়ে দুটি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এএসপি জানান, খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ রাউন্ড শটগানের গুলি ও ১৫ রাউন্ড কাঁদানে গ্যাস শেল নিক্ষেপ করে পুলিশ।
সন্ধ্যা ৭টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ট্রেন চলাচল আবার শুরু হয় বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি শাহাবউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৮ ঘ.
bdnews24