২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পোশাক শিল্পকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে'

দাবি আদায়ের অজুহাতে ভাংচুর, জ্বালাও পোড়াও, রাস্তা অবরোধ এবং কারখানা বন্ধ করে দিয়ে তৈরি পোশাক শিল্পকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 05:32 PM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাবি আদায়ের অজুহাতে ভাংচুর, জ্বালাও পোড়াও, রাস্তা অবরোধ এবং কারখানা বন্ধ করে দিয়ে তৈরি পোশাক শিল্পকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পরিষদের সমন্বয়কারী এম এন জামান চৌধুরী। তিনি বলেন, "দেশের তৈরি পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। দাবি আদায়ের অজুহাতে তারা ভাংচুর, জ্বালাও পোড়াও, রাস্তা অবরোধ এবং কারখানা বন্ধ করে এ শিল্পকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।" গার্মেন্টস শ্রমিকদের এ ধরণের ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "পোশাক শিল্প দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। এ শিল্পে নৈরাজ্যকর পরিস্থিতির জন্য শ্রমিকরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই সবাইকে ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকা উচিত।" দাবি আদায়ের নামে যারা ভাংচুর, জ্বালাও পোড়াও, রাস্তা অবরোধ করছে তারা এ শিল্পের প্রধান শত্র" উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতিও আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে বিজিএমই, বিকেএমই এবং সরকারের কাছে চার দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। দাবি গুলো হচ্চে- ঘোষিত নূন্যতম মজুরী গেজেট নোটিফিকেশনের পর থেকে কার্যকর করা, নতুন মজুরি কাঠামোতে গ্রেড ৫ এবং ৬ পুনর্বিবেচনা করে মজুরি বাড়ানো, রমজানের শুরুতে শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়ন গঠনে সব বাধা দূর করা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিষদের নির্বাহী সদস্য আমিরুল হক আমিন বলেন, "মজুরি বোর্ডের ঘোষিত নূন্যতম মজুরি তিন হাজার টাকা ৫৪টি শ্রমিক সংগঠনের মধ্যে ৪২টি সংগঠন মেনে নিয়েছে। এর অধিকাংশ সংগঠন রেজিস্টার্ড।" তিনি জানান, বাকি ১২টি সংগঠন দাবি না মেনে রাজপথে আছে। এর মধ্যে একটি সংগঠন রেজিষ্টার্ড। শ্রমিকদের স্বার্থে তাদের নতুন ঘোষিত নূন্যতম মজুরি তিন হাজার টাকা মেনে নেওয়া উচিত। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য মজুরি বোর্ড শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি তিন হাজার টাকা ঘোষণা করে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিষদের নির্বাহী সদস্য সালাউদ্দিন স্বপন, এম দেলোয়ার, শেলিম রেজা, মো. রফিক, মো. আলমগীর রনি, কাজী মোহাম্মদ আলী, মো. আব্দুল আজিজ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেবি/এইচএ/২০০৫ ঘ.