ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজান মাসে রাজধানীতে পানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা ওয়াসা।
ঘাটতি মোকাবেলায় প্রয়োজনে অন্য এলাকা থেকে ঘাটতি এলাকায় পানি ডাইভারশনের ব্যবস্থা নেওয়া হবে।
সার্বক্ষণিক পানি সরবরাহ অব্যাহত রাখার পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণে ১১টি ভিজিলেন্স টিম রাখা হবে। ওয়াসার ১২টি অভিযোগ কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।
বুধবার ঢাকা ওয়াসার (পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রমজান মাসে বিশেষ পদক্ষেপের ব্যাপারে মঙ্গলবার ঢাকা ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে এক জরুরি সভা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, নগরীর পানি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ঢাকা ওয়াসার ৫৫৯টি গভীর নলকূপ এবং চারটি পানি শোধনাগারের মাধ্যমে নগরীতে সার্বক্ষণিক পানি সরবরাহ অব্যাহত রাখা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর সম্ভাব্য পানি ঘাটতি এলাকা চিহ্নিত করে প্রয়োজনে অন্যান্য এলাকা থেকে ঘাটতি এলাকায় পানি ডাইভারশনের ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যুতের ভোল্টেজ ওঠানামার সময় পানির পাম্প সচল রাখার জন্যে ইতোমধ্যে ২৪৫টি অটোমেটিক ইন্ডাস্ট্রিয়াল ভোল্টেজ স্ট্যাবিলাইজার স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় গভীর নলকূপগুলো সার্বক্ষণিক সচল রাখতে ওয়াসার ২৩৩টি ফিক্সড জেনারেটর ও ৪৫টি মোবাইল জেনারেটর প্রস্তত রাখা হয়েছে।
এছাড়া ৩৬টি পানির গাড়ি ও ২৮টি ট্রলি সচল রেখে নগরবাসীর চাহিদা অনুযায়ী ২৪ ঘণ্টা পানি সরবরাহেরও ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় পাম্পগুলোতে দুইটি ফিডার থেকে দ্বৈত বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৭৫টি নলকূপে দ্বৈত সংযোগ দেওয়া হয়েছে।
প্রতিবছরের মতো এবারো রোজাদারদের সুবিধার্থে জনসমাগমপূর্ণ এলাকায় (বাস, লঞ্চ, রেল স্টেশন, ব্যস্ত রাস্তার মোড়) প্লাস্টিক পানির ট্যাঙ্ক বসানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/ডিডি/২০০৩ ঘ.
bdnews24