ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর'র এক সেক্টর কমান্ডার এবং মোহাম্মদপুর থানার ওসিসহ কয়েকজনের বিরুদ্ধে মোহাম্মদপুরের একটি বাড়ি দখল চেষ্টার অভিযোগ তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শাহাদত হোসেন এ আদেশ দেন।
আদেশে বিচারক সিআইডি'র ঢাকা জোনের বিশেষ পুলিশ সুপারকে ঘটনাটি তদন্ত করে আগামী ১৮ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মঙ্গলবার একই আদালতে এ অভিযোগ আনেন মোহাম্মদপুরের নবীনগর হাউজিং প্রকল্প এলাকার মো. সহিদুল ইসলাম সেরনিয়াবাত।
অভিযোগে বলা হয়, বাদী ২০০৯ সালের ৯ মার্চ নবীনগর হাউজিং প্রকল্পে প্লট কিনে একটি বাড়ি নির্মাণ করেন। তার বাড়ির নম্বর ১০। ওই প্লটে ১৪৯২ নম্বর দলিলে জমির পরিমাণ ০.০৮৫ শতাংশ।
কিন্তু বিডিআর সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহাম্মেদ গত ৩০ জুলাই পুলিশের উপস্থিতিতে বাদীর বাড়িসহ ভাড়াটিয়াদের মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তারা বাড়ির মালামালও লুট করেন।
অন্য অভিযুক্তরা হলেন- মোহাম্মদপুর থানার ওসি মঈনুল আফসার, উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন, ওসমান গণি ওরফে বিডিআর ওসমান, আবু সাঈদ ব্যাপারী (ডিসিসি'র ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর), আমির হোসেন, স্বর্ণা, নাজনীন, আমির হোসেন (২) এবং অজ্ঞাত পরিচয় আরো ৪০-৫০ জন।
তবে কর্নেল আজিজ আহাম্মেদ তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।
কর্নেল আজিজ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অভিযোগকারী ওই প্লটটি অবৈধভাবে দখলের চেষ্টা করেন। সেরনিয়াবাত একজন জমির দালাল। তিনি ও তার ভাই অলি মাষ্টার বিভিন্ন জমির জাল দলিল বানিয়ে নিজেদের মালিকানা দাবি করেন। এ অভিযোগে দেওয়ানি মামলা হয়েছে। জমির মালিক তিনি নন।
আজিজ আরো দাবি করেন, তিনি ২০০৯ সালের ১৭ ফেব্র"য়ারি স্থানীয় ওয়ার্ড কমিশনার আবু সাইদ ব্যাপারির কাছ থেকে ওই জমি কিনে নামজারী করে খাজনা দিয়ে ভোগ দখল করে আসছেন।
তবে মঙ্গলবার আদালতে সেরনিয়াবাত অভিযোগ করেন, বাড়ির মালামাল লুটের ঘটনায় তিনি গত ৩১ জুলাই মোহাম্মদপুর থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেননি। এরপর থেকে আসামিদের পক্ষ নিয়ে পুলিশ তাকে হুমকি-ধামকি দিয়ে আসছে।
তাতে বাদী সেরনিয়াবাত এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করা হয়।
আরজিতে আরো জানানো হয়, কর্নেল আজিজের চার ভাই- আনিস আহম্মেদ, হারিছ আহম্মেদ, সাঈদ আহম্মেদ টিপু এবং তোফায়েল আহম্মেদ জোসেফ ঢাকার শীর্ষ সন্ত্রাসী। তাদের মধ্যে কেউ সাজাপ্রাপ্ত, কেউ পলাতক, কেউ কারাগারে এবং কেউ মারা গেছে।
এ ব্যাপারে সেরনিয়াবাত সেনাপ্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, ডিজিএফআই ও ডিজি র্যাব বরাবর প্রতিকারের জন্য আবেদন করেন বলেও আরজিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এইচএ/১৯২৮ ঘ.
bdnews24