নারায়ণগঞ্জ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, গার্মেন্টসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় নারায়ণগঞ্জে আরো পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হলো।
মঙ্গলবার রাতে সদর উপজেলার ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আনিসুর রহমান, শহীদুল ইসলাম ও মিনহাজুল ইসলাম।
তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফতুল্লা থানার ওসি জীবন কান্তি সরকার।
২৯ জুলাই পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো ঘোষণা করে সরকার। এতে ন্যূনতম মজুরি ধরা হয় তিন হাজার টাকা। নভেম্বর থেকে তা কার্যকরের ঘোষণা দেওয়া হয়।
এ মজুরি কাঠামো প্রত্যাখ্যান, পাঁচ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ এবং তা ১ আগস্ট থেকে কার্যকরের দাবিতে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কয়েকদিন ধরে বিক্ষোভ করে শ্রমিকরা।
বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনায় সোমবার রাতে পুলিশ তিন হাজার শ্রমিককে আসামি করে একটি মামলা করে।
ওইদিন ১১ শ্রমিককে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা থানার ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফতুল্লা শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিতে শুরু করেছে। তবে গ্রেপ্তার এড়াতে অনেক শ্রমিক কাজে যোগ দেয়নি।
তিনি জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, ফতুল্লা শিল্পাঞ্চলের বৃহৎ তিনটি কারখানা মাইক্রোফাইবার, ক্যাডটেক্স ও মেট্রো নিটিং আগামী শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে মালিকপক্ষ।
এই তিনটি কারখানায় প্রায় ২০ হাজার শ্রমিক কাজ করে।
ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা নির্ধারণ, ১ আগস্ট থেকে তা কার্যকর এবং শ্রমিক নেতা মন্টু ঘোষের মুক্তির দাবিতে ফতুল্লা শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা শনিবার থেকে টানা তিনদিন বিক্ষোভ করে।
গত ৩০ জুলাই রাতে গার্মেন্টস ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারায়ণগঞ্জ জেলা সভাপতি মন্টু ঘোষকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৩০ ঘ.
bdnews24