ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মাদক পাচার মামলায় নাইজেরীয় নাগরিক জসিও জাকারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার ঢাকার মহানগর মূখ্য হাকিম আবদুল্লাহ আল মামুন এ অনুমতি দেন।
হেফাজতের আবেদনে বলা হয়, জসিও জাকারিয়া আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য। তার আন্তর্জাতিক সহযোগীদের নাম, ঠিকানা ও পরিচয় উদ্ধারের জন্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আদালতের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা সহ-উপপরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিমান্ড আবেদন শুনানির সময় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
গত ৩০ জুলাই জসিও জাকারিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ কেজি হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
ওই সময় আরেক নাইজেরীয় নাগরিক পালিয়ে যেতে সক্ষম হন। আটক হেরোইনের বাজার মূল্য প্রায় ছয় কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24