২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, গ্রেপ্তার, মামলা

ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে মঙ্গলবার আশুলিয়ায় তিনটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 05:28 PM

সাভার, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে মঙ্গলবার আশুলিয়ায় তিনটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে। পরে এরমধ্যে দু'টি কারখানার শ্রমিকরা কাজ না করে চলে গেছে। এদিকে 'উস্কানিমূলক পোস্টার' লাগোনোর অভিযোগে পুলিশ দুইজন শ্রমিককে গ্রেপ্তার করেছে। সোমবারের শ্রমিক বিক্ষোভের ঘটনায় আশুলিয়া থানায় ছয়শ' শ্রমিককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে। গত তিন দিনের শ্রমিক বিক্ষোভের পর মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের সব কারখানা খুলে দেওয়া হয়। তিনটি ছাড়া অন্য কারখানাগুলোতে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। ঢাকার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক জানান, পর্যাপ্ত পুলিশী নিরাপত্তায় সকালে আশুলিয়ার সব কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে জামগড়া এলাকার ডিজাইনার জিন্স লিমিটেড, গ্রীণ লাইফ ক্লোথিং লিমিটেড ও দি রোজ ড্রেসেস লিমিটেড'র শ্রমিকরা ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে সকাল থেকে কর্মবিরতি শুরু করে। কারখানার ভিতরে তারা বিক্ষোভ করে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে আরো উত্তেজিত হয়ে ওঠে। বেলা সাড়ে ১১টার দিকে গ্রীণ লাইফ ক্লোথিং লিমিটেড ও দি রোজ ড্রেসেস লিমিটেড'র শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে যায়। ওই তিন কারখানার সামনে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এলাকায় র‌্যাব টহল জোরদার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, গ্রেপ্তার শ্রমিক নেতা মন্টু ঘোষের মুক্তির দাবি ও উস্কানিমূলক পোস্টার লাগানোর সময় আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে মামুন (২০) ও মজিবর (২২) নামে দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এই দু'জনকে গামের্ন্টসে হামলা ও ভাংচুরের মামলায় আসামি করা হয়। এসআই মোস্তফা কামাল আরো জানান, সোমবার জিরাব এলাকার আইরিশ ফ্যাশনে ইটপাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাংচুরের অভিযোগে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আমজাদ হেসেন ওইরাতেই থানায় ছয়শ' অজ্ঞাতনামা শ্রমিককে আসামি করে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.