যশোর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের নওয়াপাড়া উপজেলায় স্থানীয় ছাত্রলীগের এক নেতা ও তার সহযোগিরা একটি সম্পত্তি দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ভোরে দখলের সময় সম্পত্তির ওপর থাকা বাড়ি-ঘর, দোকান ও স্কুলে হামলা ও ভাংচুর করারও অভিযোগ রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে নওয়াপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নাসির উদ্দিন ফরাজী সাংবাদিকদের বলেন, ক্রয় সূত্রে তিনি এই সম্পত্তির মালিক। জমিটি আজ (সোমবার) দখলে নিয়েছেন।
কোনো হামলা বা ভাংচুরের ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, "আমি ঘটনাস্থলে গিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠান, দুটি বাড়ি ও একটি স্কুলের কোনো মালামাল দেখতে পাইনি।"
মালামালগুলো লুটপাট হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "এটা বুঝে নিতে হবে।"
স্থানীয়রা জানান, ভোরে নওয়াপাড়া হাসপাতাল রোডের ক্লিনিক পাড়ায় ২০-২৫ জনের একটি দল হামলা ও লুটপাট চালায়। তারা একটি ওষুধের দোকান, স্কুল, বৈদ্যুতিক সামগ্রীর দোকান, বেকারি, হোটেল ও ২টি বাড়িতে ভাংচুর চালায়।
জমির মালিক দাবি করা মমিন উদ্দিন সরদার জানান, অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নওয়াপাড়া ডক্টরস্ ক্লিনিকের মালিক ডা. আব্দুল গফ্ফার ও নাসির উদ্দিন ফরাজীর নেতৃত্বে ২০-২৫ জনের একদল তাদের ১৫ শতক জমি দখল করে নিয়েছে।
এ সময় জমির ওপর থাকা আব্দুল্লাহ আল মামুনের পলি ফার্মেসি, নাদিম হোসেনের নূর ইলেকট্রিক অ্যান্ড রেফ্রিজারেশন, প্রশান্ত কুমারের প্রণয় স্টোর, জামাল হোসেনের জামাল হোটেল, সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন এবং তাদের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায় তারা।
তিনি দাবি করেন, ক্রয়সূত্রে তারা (তার ভাইসহ) ওই জমির মালিক। ৩০ বছর ধরে তারা ওই জমি ভোগ-দখল করে আসছেন।
মমিন বলেন, জমিটি নিয়ে আদালতে মামলা চলছে।
পলি ফার্মেসির মালিক আল মামুন বলেন, ভোর সাড়ে ৫ টায় খবর পেয়ে দোকানে গিয়ে দেখেন দুর্বৃত্তরা ভাংচুর ও লুটপাট করছে।
তিনি অভিযোগ করেন, দোকানের ফ্রিজ, ওষুধসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার মালামাল নিয়ে গেছে হামলাকারীরা।
প্রণয় স্টোরের মালিক প্রশান্ত বলেন, "আওয়ামী লীগের লোকদের দ্বারা পুলিশের সামনে আমার এতো বড় ক্ষতি হবে তা জীবনেও ভাবিনি। আমি এখন পথের ফকির হয়ে গেলাম।"
মমিন সরদারের ছেলে বউ স্কুলশিক্ষক জেসমিন আক্তার মিনি বলেন, "আমি ভাত রান্না করছিলাম। হঠাৎ সন্ত্রাসীরা আমাকে মারধর শুরু করে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে যায়। তারা ভাতের হাড়িতে লাথি মেরে ফেলে দেয়।"
সানফ্লাওয়ার কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক রোজিয়াত সুলতানা জানান, তিনি স্কুলে এসে দেখতে পান কম্পিউটার, চেয়ার-বেঞ্চ ও পরীক্ষার খাতাপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা।
অভয়নগর থানার ওসি আহসান হাবিব বলেন, "বিষয়টি আমি শুনেছি। শান্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করেছি।"
এ ব্যাপারে নওয়াপাড়া ডক্টরস ক্লিনিকের মালিক ডা. আব্দুল গফফার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি হামলা-ভাংচুরের ঘটনায় জড়িত নন। তার বাড়ি মমিন সরদারের বাড়ির পাশে।
তিনি দাবি করেন, জমিটির মালিক নাসিরদের পরিবার। ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর মমিন ও তার পরিবার জমিটি দখল করে নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.
bdnews24