গাজীপুর, আগস্ট ০২ (বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম) - চলতি মাস থেকেই সরকার ঘোষিত ন্যূনতম মজুরি কার্যকরের দাবিতে গাজীপুরে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।
সোমবার দুপুরে জেলার কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকার আর এস পোশাক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে।
এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় কর্তৃপক্ষ সোমবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক জানান, সোমবার দুপুর ২টা থেকে কারখানাটির প্রায় দেড় হাজার শ্রমিক ন্যূনতম মজুরি ৩ হাজার টাকা চলতি মাস থেকেই কার্যকরের দাবি জানায়।
কর্তৃপক্ষ সরকার ঘোষিত সময়ে (নভেম্বরে) তা কার্যকরের কথা বললে শ্রমিকরা কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে।
এসআই জানান, আড়াইটার দিকে বিক্ষুদ্ধ শ্রমিকরা পাশের আয়মন টেক্সটাইল, ডিভাইন ও ইন্টারস্টপ পোশাক কারখানার ফটকে গিয়ে শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানায়।
তবে ওইসব কারখানার শ্রমিকরা ধাওয়া করলে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় এবং যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে।
প্রায় আধা ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুর ৩টার দিকে পরিস্থিতি শান্ত হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24