নারায়ণগঞ্জ, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ফতুল্লার কাঠেরপুল, কুতুবআইল, রামারবাগ, শিবু মার্কেট ও ফতুল্লা পোষ্ট অফিস রোড এলাকায় হাজার হাজার পোশাক শ্রমিক রাস্তায় নেমে এসেছে।
কাঠেরপুল ও আশপাশ এলাকায় সোমবার সকালে দফায় দফায় শ্রমিক-পুলিশ ধাওয়া ও পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।
বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক ও ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক অবরোধ করেছে। ফলে সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শ্রমিকরা নুন্যতম মজুরী ৫ হাজার টাকা ঘোষণা ও তা ১ আগস্ট থেকে কার্যকর করা এবং পোশাক শ্রমিক নেতা, গার্মেন্ট ট্রেড ইউয়িন কেন্দ্রের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা সিপিবি সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষের মুক্তির দাবিতে ফতুল্লায় বিক্ষোভ শুরু করে।
এসময় শিল্পাঞ্চলের কাঠেরপুল ও আশপাশের বেশিরভাগ কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার জানান, সোমবার সকালে বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশের উপর হামলা চালায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর থেকে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। সড়ক অবেরাধকারী শ্রমিকদেরকে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লায় শিল্পাঞ্চলের কাঠেরপুল এলাকার পলমল, মাইক্রোফাইবার, লিবার্টি, ক্যাডটেক্স গার্মেন্টসের শ্রমিকরা সোমবার সকালে কর্মস্থলে এসে কাজ শুরু না করে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে কারখানাগুলোর ফটকের সামনে অবস্থান নেয়।
এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ছাদের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। বেলা সাড়ে ১০ টার দিকে কাঠেরপুল এলাকার বিভিন্ন পোশাক কারখানার ৭/৮ হাজার শ্রমিক পুলিশের বাধা উপক্ষো করে রাস্তায় নেমে আসে।
এসময় পুলিশের সঙ্গে বিক্ষুদ্ধ শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে এবং সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে ঘেরাও করে ফেলে। পুলিশ আত্মরক্ষার্থে নিরাপদ দুরত্বে সরে যায়।
বেলা ১১ টার দিকে শ্রমিকরা ফতুল্লার শিবু মার্কেট এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয়।
পুলিশ কয়েক দফা লাঠিচার্জ করেও অবরোধকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়। পুলিশ-শ্রমিক সংঘর্ষে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবরোধ চলছিল।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার পোষ্ট অফিস এলাকায় ঢাকার কেরানীগঞ্জের সাংসদ নসরুল হামিদের মালিকানাধীন হামিদ ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক অবরোধ করে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তারা ফতুল্লার পোস্ট অফিস রোডে অর্ধশতাধিক দোকান ও বাড়িতে হামলা চালায়। তারা দুটি পোশাক কারখানাতেও হামলা চালায়। পুলিশ ২০ রাউন্ড কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে।
ফতুল্লার কাঠেরপুল, কুতুবআইল, রামারবাগ, শিবু মার্কেট ও ফতুল্লা পোষ্ট অফিস রোড এলাকায় হাজার হাজার শ্রমিক কারখানা ছেড়ে রাস্তায় নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকের তুলনায় পুলিশের সংখ্যা একেবারেই অপ্রতুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৪০৭ ঘ.
bdnews24