রংপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরে ট্যাঙ্কলরি চাপায় এক স্কুলছাত্র মারা গেছে।
রোববার সকাল সোয়া ১১টার দিকে স্কুলে আসার পথে লরি চাপা পড়ে রংপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র নাইয়ান মোস্তাকিন রুদ্র ( ১০)।
নিহত রুদ্র রংপুরের তারাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মমিনুল হকের ছেলে।
দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ ছাত্ররা রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে ২০/২৫টি গাড়ি ভাংচুর করে।
এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রুদ্র তার খালা মনিকা বেগমকে সঙ্গে নিয়ে স্কুলে আসার সময় লরি চাপায় আহত হয়।
তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
রুদ্রর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তার স্বজনরা। মা রীতি বেগম বার বার জ্ঞান হারিয়ে ফেলছিলেন। খালা মনিকা বেগম রুদ্রর লাশের পাশে বসে বিলাপ করছিলেন।
মনিকা বেগম সাংবাদিকদের জানান, রিকশা থেকে নেমে স্কুলে যাওয়ার সময় পেছন থেকে লরিটি রুদ্রকে চাপা দেয়।
স্কুলের ছাত্ররা জানায়, মাত্র দু'মাস আগে এক ছাত্রী স্কুলের সামনেই ট্রাক চাপায় মারা গেছে।
তাদের অভিযোগ, প্রশাসনকে বার বার স্কুলের সামনে এবং একশ' গজের মধ্যে গতিরোধক নির্মাণের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
দুর্ঘটনার পরপরই শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। তারা লরিচালককে গ্রেপ্তার না করা পর্যন্তঅবরোধ প্রত্যাহার করতে অস্বীকার করে। পুলিশ ও র্যাব ঘটনাস্থলে দিয়ে তাদের শান্ত করার চেষ্টা করে।
দাবি পূরণের আশ্বাস দেওয়ার পর দুপুর সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
কোতয়ালি থানার ওসি হায়দার আলী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। লরিচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৫৯ ঘ.
bdnews24